গাজীপুর, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী প্রতিশ্র"তি দেওয়া বা লোভ দেখানো আচরণবিধি লঙ্ঘনের সামিল। নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ এরশাদকে রাষ্ট্রপতি করার লোভ দেখিয়ে আচরনবিধি লঙ্ঘন করেছে।
শনিবার বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ দলের স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নির্বাচনী মতবিনিময়ের সময় এ কথা বলেন।
তিনি বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঢাকা-১৭ আসনে এরশাদের বিরুদ্ধে নির্বাচন করার জন্য দলের কয়েকজন বড় নেতাকে প্রস্তাব দেন। তাঁরা কেউ রাজি হননি। আমি এ চ্যালেঞ্জ গ্রহণ করেছি।"
কাপাসিয়ার সাফাইশ্রী এলাকায় বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবদুল মজিদ, বিএনপি নেতা ড. গোলাম হোসেন, সাবেক সাংসদ মো. ওবায়েদ উল্লাহ, অ্যাডভোকেট বজলুর রশিদ, খন্দকার আজিজুর রহমান, স্থানীয় জামায়াত নেতা এস এম সানাউল্লাহ প্রমূখ।
১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকে হান্নান শাহ কাপাসিয়া আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার তিনি ঢাকা-১৭ থেকে নির্বাচন করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৪ ঘ.
bdnews24