২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ভেজাল নারিকেল তেল উৎপাদন চলছেই

বাগেরহাটে বিভিন্ন কারখানায় ভেজাল নারিকেল তেল উৎপাদন এবং সেগুলো দেশের বিভিন্ন স্থানে বাজারজাতকরণ চলছেই। গত তিনমাসে ঢাকাসহ বিভিন্ন এলাকায় বাজারজাত করার জন্য পাঠানোর সময় অন্তত তিন দফায় প্রায় তিন হাজার কনটেইনার ভেজাল নারিকেল তেল আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2008, 12:51 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

বাগেরহাট, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটে বিভিন্ন কারখানায় ভেজাল নারিকেল তেল উৎপাদন এবং সেগুলো দেশের বিভিন্ন স্থানে বাজারজাতকরণ চলছেই। গত তিনমাসে ঢাকাসহ বিভিন্ন এলাকায় বাজারজাত করার জন্য পাঠানোর সময় অন্তত তিন দফায় প্রায় তিন হাজার কনটেইনার ভেজাল নারিকেল তেল আটক করা হয়। সর্বশেষ শুক্রবার গভীর রাতে মোল্লাহাট থেকে ভেজাল সন্দেহে সাত হাজার ৮৮৮ কেজি নারিকেল তেল আটক করেছে পুলিশ। ঢাকা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট সেতুর কাছে একটি ট্রাকে অভিযান চালিয়ে পুলিশ এসব তেল আটক করে। এ সময় ট্রাকচালক হাসিবুল ইসলাম (২৫) ও তার সহকারী রঞ্জন কুমার পালকেও (২৭) গ্রেপ্তার করা হয়। এর আগে র‌্যাব ও পুলিশ বাগেরহাটের খান জাহান আলী (র:) এর মাজার মোড়, ট্রাফিক মোড় ও রণবিজয়পুর থেকে তিন দফায় প্রায় তিন হাজার টিন ভেজাল নারিকেল তেল আটক করেছিল। সে সময় খুলনায় পণ্যের মান নিয়ন্ত্রক সংস্থা- বিএসটিআই'র পরীক্ষাগারে নমুনা পাঠিয়ে নারিকেল তেলে ভেজালের বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছিল। বাগেরহাট বিসিক শিল্প এলাকাসহ শহরের নাগের বাজার এলাকায় প্রায় ৩৫টি স্বয়ংত্রিয় নারিকেল তেল কারখানা রয়েছে। অভিযোগ রয়েছে, কারখানা মালিকদের অনেকেই নারিকেল তেলের সঙ্গে পাম অয়েল ও প্যারাফিন নামের বিশেষ ধরনের রাসায়নিক তরল মিশিয়ে থাকেন। শনিবার বিকেলে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাকে করে মোল্লাহাট দিয়ে ভেজাল মিশ্রিত নারিকেল তেল নেওয়া হচ্ছে এমন খবর পেয়ে শুক্রবার রাত ২টার দিকে পুলিশের একটি দল মধুমতি সেতুর কাছে অবস্থান নেয়। পরে নারকেল তেল বোঝাই ট্রাকটি সেতুর কাছে পৌঁছালে পুলিশ ওই ট্রাকে তল্লাশি চালিয়ে আট কেজি ওজনের ৯৮৬ কন্টেইনার নারিকেল তেল আটক করে। যেসব ব্র্যান্ডের তেল আটক করা হয়েছে সেগুলো হল- গোলাপফুল, চাকা, কবুতর ও মোরগ মার্কা। ওসি জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন তারা এসব তেল বাগেরহাটের বিভিন্ন এলাকা থেকে ট্রাক বোঝাই করে চট্টগ্রাম নিয়ে যাচ্ছিলেন। তেলের নমুনা সংগ্রহ করে খুলনায় বিএসটিআই'র পরীক্ষাগারে পাঠানো হয়েছে বলেও তিনি জানান। এ ব্যাপারে বাগেরহাটের একজন তেল ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার আশায় এ অপকর্ম করছেন। তাদের কারণে বাগেরহাটে গড়ে ওঠা এ খাতটি ধ্বংস হতে বসেছে।" সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, "ব্যবসায়ীরা আমাদের সঙ্গে বৈঠকে অঙ্গীকার করেছিলেন তারা এ ধরনের কাজ থেকে বিরত থাকবেন। স্বচ্ছভাবে ব্যবসা করবেন।" এ বিষয়ে একটি কমিটি হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৫ ঘ.