চট্টগ্রাম, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের দাবিতে বুধবার চট্টগ্রাম থেকে প্রকাশিত সাতটি পত্রিকায় দ্বিতীয় দিনের মতো এক ঘন্টার কর্মবিরতি পালিত হয়েছে।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) আহবানে সাংবাদিকরা সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পর্যন্ত কাজ করা থেকে বিরত থেকে প্রতিবাদ জানান।
দৈনিক আজাদী, দৈনিক পূর্বকোণ, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ, দৈনিক নয়া বাংলা, দৈনিক কর্ণফুলী ও ডেইলি পিপলস ভিউ পত্রিকায় একসঙ্গে এ কর্মসূচি পালন করা হয়। এর মধ্য দিয়ে ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবিতে দুইদিনের কর্মবিরতি পালন শেষ হল।
সিইউজের সাধারণ সম্পাদক নাজিমুদ্দীন শ্যামল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবিতে এ প্রতীকী কর্মবিরতি পালন করা হয়েছে। স্থানীয় পত্রিকার মালিকরা এ দাবি বাস্তবায়ন না করলে আগামী মাসে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি বলেন, একই দাবিতে পুরোদমে ধর্মঘটে যাওয়ার জন্য আগামী ১৫ ডিসেম্বর স্থানীয় সংবাদপত্রে কর্মরত সাংবাদিকদের গণভোট নেওয়া হবে। এছাড়া স্থানীয় পত্রিকার মালিকদের সঙ্গে বৈঠকও করা হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২৩৩৩ঘ.
bdnews24