ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মতিঝিলে বলাকা ভাস্কর্য ভাঙ্গার অভিযোগে গ্রেপ্তার হওয়া ছয় আল বাইয়্যিনিয়াৎ সদস্যকে দুই দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত।
ভাস্কর্য ভাঙ্গার মামলায় আরো কারা জড়িত এবং কাদের ইন্ধনে এটি ভাঙা হয়েছে তা জানার জন্য এই ছয়জনকে ১০ দিন রিমান্ডে নেওয়ার জন্য বৃহস্পতিবার ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করেন মতিঝিল থানার উপপরিদর্শক মামলার তদন্ত কর্মকর্তা জামাল উদ্দিন।
মহানগর হাকিম একেএম এমদাদুল শুনানি শেষে দুই দিন রিমান্ড নেওয়ার অনুমতি দেন।
অভিযুক্ত ছয়জন হলেন, মোস্তাক আহমেদ চৌধুরী, আরাফাত হোসেন, জিয়াউর রহমান, হাসিবুল ইসলাম, আব্দুল বারী শেখ ও জাহাঙ্গীর হোসেন।
শনিবার রাতে উলামা আঞ্জুমানে আল বাইয়্যিনাত নামে একটি সংগঠনের শতাধিক কর্মী বলাকা ভাস্কর্যটির ওপর শাবল, হাতুড়ি, হামানদিস্তা নিয়ে হামলা চালায়। তারা ভাস্কর্যের ছয়টি বকের মূর্তির ১২টি পা-এর পলেস্তারা খসিয়ে দেয়। পুলিশি বাধার মুখে তারা পিছু হটে।
ঘটনাস্থল থেকে আট জনকে গ্রেপ্তার করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরবি/জিএনএ/১৭৩৪ ঘ.
bdnews24