ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকার ইসলামবাগে বৃহস্পতিবার দুপুরে আগুনে পুড়ে পাঁচজন মারা গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাড়ে ১২টার দিকে লালবাগ থানাধীন পশ্চিম ইসলামবাগের একটি ফোম কারখানার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন আশপাশে ছড়িয়ে পড়ে এবং পাশের তিনতলা ভবনে ধরে যায়। এ সময় ওই ভবনের দোতলার দুটি পরিবারের পাঁচ সদস্য নিচতলার একটি কক্ষে আশ্রয় নেয়।
তারা জানান, আগুনে ওই পাঁচজনই দগ্ধ হন। ঘটনাস্থলে মারা যান আমেন (৫৫) নামের একজন। দমকলকর্মীরা দগ্ধ অবস্থায় আমেনার ৬ মাসের নাতি সাজ্জাদ এবং সাথিয়া বেগম (৩৫), তার ছেলে ইমন (১ বছর ১ মাস) ও মেয়ে শারমিনকে (৪) উদ্ধার করে।
বিকেল ৪টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মেডিকেল প্রতিনিধি জানান, হাসপাতালে আনার পর সাজ্জাদ, সাথিয়া, ইমন, ও শারমিন মারা যায়।
ঘটনাস্থলে থাকা দমকল বাহিনীর কর্মকর্তা মিজানুর রহমান জানান, আগুনে ২৫/৩০টি ঘর পুড়ে গেছে। এগুলোর বেশিরভাগের নিচ তলায় রাবার, প্লাস্টিক কারখানা ও দোকান ছিল।
প্রত্যক্ষদর্শী শাহীন জানান, তার বাড়ির পাশের গুদাম থেকে আগুন বিদ্যুতের তারে লেগে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আগুন ট্রান্সফরমারে লেগে যায়। এতে ট্রান্সফরমারটি বিস্ফোরিত হয়ে আগুন আরও ছড়িয়ে পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমআরএফ/এএল/এজে/এমএসবি/১৭৪৩ ঘ.
bdnews24