২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে চারদলের প্রার্থীর কুশপুত্তলিকা দাহ

সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে চারদলের প্রার্থীর কুশপুত্তলিকা দাহ করেছে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2008, 10:38 AM

Updated : 26 Aug 2022, 02:45 PM

চাঁদপুর, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে চারদলের প্রার্থীর কুশপুত্তলিকা দাহ করেছে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা। চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুর রহিম বলেন, "বৃহস্পতিবার চাঁদপুর-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী চাঁদপুর শহর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান শাহীনের সমর্থকরা জি এম ফজলুল হকের মনোনয়ন বাতিলের দাবিতে প্রথমে শহরের কয়েকটি স্থানে কুশপুত্তলিকা দাহ করে।" তিনি বলেন, "বেলা ১২টার দিকে শাহীনের সমর্থকরা শহরের কালীবাড়ির আউট সিগন্যাল এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করতে গেলে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় শাহীনের সমর্থকরা তার মটর সাইকেলটি ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর পুলিশ শাহীনের ৩ সমর্থককে আটক করে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। " পুলিশ শহরের স্টেডিয়াম রোড এলাকার বারাকাহ হাসপাতালের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি মাইক্রোবাস আটক করে এবং মাইক্রোবাস থেকে শাহীনের একটি ব্যানার পাওয়া গেছে বলেও জানান তিনি। উপ-পরিদর্শক আব্দুর রহিম বলেন, "এসব ঘটনায় থানায় মামলা হয়নি। পরিস্থিতি শান্ত রয়েছে এবং শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৬৩২ ঘ.