২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নূরুল ইসলামের বাড়িতে অগ্নিকাণ্ডকে নাশকতা মনে করছে স্বজনরা

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে ১৪ দলের প্রার্থী নূরুল ইসলামের বাসায় নাশকতা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2008, 09:15 AM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে ১৪ দলের প্রার্থী নূরুল ইসলামের বাসায় নাশকতা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ এনে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে তারা। মঙ্গলবার রাতে গণতন্ত্রী পার্টির সভাপতি নূরুল ইসলামের লালমাটিয়ায় বাড়িতে সংঘটিত অগ্নিকাণ্ডে তার ছেলে তমহর ইসলাম (৩৬) মারা যায়। আগুনে নূরুল ইসলাম (৬৮) গুরুতর দগ্ধ হয়ে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। আগুন লাগার সময় পিতা-পুত্র ছাড়া লালমাটিয়ার ওই বাড়িতে আর কেউ ছিল না। নূরুল ইসলামের স্ত্রী কবি রুবী রহমান বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিজেকে নুরুল ইসলামের ভাগ্নি পরিচয়দানকারী অ্যাডভোকেট নাজমা কাওসার বলেন, "আমরা মনে করি, জাতীয় নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে সুপরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।" একই সংবাদ সম্মেলনে নূরুল ইসলামের স্ত্রী কবি রুবী রহমানের বোন পরিচয়ে ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মাহাফুজা খানম বলেন, "আজকের মধ্যে এ ঘটনায় একটি মামলা হতে পারে।" নূরুল ইসলামের নির্বাচনী এলাকা নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের নির্বাচন স্থগিতেরও দাবি জানান মাহাফুজা খানম। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নূরুল ইসলামের ভাগ্নে পরিচয়দানকারী এ জেড এম সালেহ এবং এ বি এম সাইফুল্লাহ পান্নু। মাহফুজা খানম জানান, সিএমএইচে চিকিৎসাধীন নূরুল ইসলামের অবস্থার আরও অবনতি হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এজে/জিএনএ/১৫০৮ ঘ.