২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবায়নযোগ্য জ্বালানি নীতিসহ কয়েকটি অধ্যাদেশ অনুমোদন

২০১৫ সাল নাগাদ বাংলাদেশ তার মোট বিদ্যুৎ চাহিদার ৫ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদন করবে। ২০২০ সাল নাগাদ এটা বেড়ে ২০ শতাংশ হবে। উপদেষ্টা পরিষদ বুধবার এ সংক্রান্ত নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা অনুমোদন দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2008, 03:41 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, ডিসেম্বর ০৩(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ২০১৫ সাল নাগাদ বাংলাদেশ তার মোট বিদ্যুৎ চাহিদার ৫ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদন করবে। ২০২০ সাল নাগাদ এটা বেড়ে ২০ শতাংশ হবে। উপদেষ্টা পরিষদ বুধবার এ সংক্রান্ত নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা অনুমোদন দিয়েছে। প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফাহিম মুনয়েম সাংবাদিকদের বলেন, নবায়নযোগ্য জ্বালানি নীতিমালায় বলা হয়েছে এ ধরণের জ্বালানি থেকে ২০১৫ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার ৫ শতাংশ এবং ২০১০ সালের মধ্যে ১০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন করা হবে। এর মূল উৎস হবে সৌরশক্তি, বায়ু শক্তি, বায়ো গ্যাস ও জল। তিনি বলেন, এ নীতিমালার অধীনে 'টেকসই জ্বালানি উন্নয়ন সংস্থা' (সাসটেইনেবল এনার্জি ডেভলপমেন্ট এজেন্সি) গঠন করার বিধান রাখা হয়েছে। ব্যবসায়ী, স্বার্থধারী, এনজিও ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে কোম্পানী আইনের অধীনে স্বাধীন এ সংস্থা গঠন করা হবে। সরকারি-বেসরকারি পর্যায়ে যারা নবায়নযোগ্য জ্বালানির জন্য বিনিয়োগ করবেন তারা পাঁচ বছরের জন্য কর্পোরেট ট্যাক্স থেকে অব্যাহতি পাবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরো জানান, বৈঠকে বাংলা একাডেমী অধ্যাদেশ-২০০৮ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এ অধ্যাদেশ অনুসারে রাষ্ট্রপতি বাংলা একাডেমির প্রধান পৃষ্ঠপোষক থাকবেন। তিনি দু' বছরের জন্য একজন সভাপতি নিয়োগ দেবেন। এছাড়া দু'বছরের জন্য মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হবে। বিধিমালা অনুসারে ঢাকার বাইরে ও বাংলাদেশের বাইরেও এর শাখা থাকতে পারবে। বিশিষ্ট শিক্ষাবিদকে সভাপতি ও মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হবে। দু' মেয়াদের বেশি এ পদে নিয়োগ দেওয়া হবে না। বৈঠকে ট্রেডমার্ক অধ্যাদেশ-২০০৮ এর দুটি ধারা সংশোধন সংক্রান্ত প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এ আইন সংশোধনের মাধ্যমে পেটেন্ট ডিজাইন ট্রেডমার্ক নিবন্ধনের সর্বোচ্চ সময়সীমা ১৫০ দিন করা হয়েছে। আগে ব্যাপারে কোনও নির্ধারিত সময়সীমা ছিল না। বাংলাদেশ বেটার বিজনেস ফোরাম এ সময়সীমা নির্ধারণের প্রস্তাব করেছিল। তবে তারা সময়সীমা ৩০ দিন করার জন্য সুপারিশ করেছিল। এছাড়া বাংলাদেশ জাতীয় অলিম্পিক কমিটি অধ্যাদেশ-২০০৮ নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-২০০৮ এর কিছু শব্দগত ও ভাষাগত পরিবর্তন করে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ পর্যটন অধ্যাদেশ-২০০৮ সভায় উত্থাপন করা হলেও তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছে। প্রস্তাবিত অধ্যাদেশটি আরও পরীক্ষা- নিরীক্ষা করে আবার উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এডি/এমআরএফ/এসকে/২১৩২ঘ.