রাজশাহী, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর বাগমারা উপজেলায় র্যাব ও পুলিশের এনকাউন্টারে মঙ্গলবার রাতে দুই যুবক নিহত হয়েছে।
নিহতরা হলেন- বাগমারার কোয়ালিপাড়ার মোস্তাফিজুর রহমান (২৮) এবং একই গ্রামের আব্দুল জলিল (২৬)।
তারা দ্জুন নিষিদ্ধ সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) সদস্য বলে পুলিশ জানিয়েছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খলিফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার ঝিকড়া ইউনিয়নের শান্তপাড়া গ্রামের একটি আমবাগানে এনকাউন্টারে ওই দুজন নিহত হন।
তিনি বলেন, "শান্তাপাড়া গ্রামে চরমপন্থীদের বৈঠকের খবর পেয়ে পুলিশ এবং র্যাব-৫ এর একটি যৌথ দল ওই এলাকায় অভিযান চালায়। রাত আড়াইটার দিকে আমবাগান পৌঁছলে চরমপন্থীরা নিরাপত্তা রক্ষীদের লক্ষ করে গুলি ছুড়তে শুরু করে। তখন র্যাব-পুলিশও পাল্টা গুলি চালায়।"
"কিছু সময় গোলাগুলির পর চরমপন্থীরা পিছু হটলে ঘটনাস্থলে মোস্তাফিজুর ও জলিলকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদের বাগমারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে চিকিৎসকরা জানান, দ্জুনই মারা গেছে।"
ঘটনাস্থল থেকে দুটি শাটারগান, পাঁচ রাউন্ড গুলি, দুটি ছোরা, কিছু পুস্তিকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
ওসি শাহাবুদ্দিন জানান, নিহতরা নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া এবং বাগমারার তাহেরপুরের পুলিশ হত্যা মামলার অন্যতম আসামি।
মানবাধিকার সংগঠন অধিকার'র এক পরিসংখ্যানে বলা হয়েছে, চলতি বছরের প্রথম নয় মাসে ১১৬ জন ব্যক্তি বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে 'ক্রসফায়ার/এনকাউন্টারে' মারা গেছেন।
নিহতদের মধ্যে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির চার জন, গণমুক্তি ফৌজের দুই জন, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) ১৫ জন, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) ১০ জন এবং সর্বহারা পার্টির দুই জন সদস্য রয়েছেন।
অধিকার নিহতের এই ঘটনাগুলোকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দাবি করে এ তৎপরতা বন্ধ এবং ঘটনাগুলোর তদন্ত দাবি করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩০ ঘ.
bdnews24