চট্টগ্রাম, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বুধবার অবরোধ চলাকালে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালেহ আহত হয়েছেন।
দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী ও পুলিশের মধ্যে এ সংঘর্ষ হয়।
অবরোধকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এবং শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে।
এ সময় শিক্ষার্থীদের হামলায় চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালেহসহ দুইজন আহত হয়।
পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার তোফায়েল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পৌনে ১২টার দিকে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠলে আমরা তাদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ার সেল নিক্ষেপ করি। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মাথা ফেটে যায়।"
বুধবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়টির দুই শতাধিক শিক্ষার্থী মহাসড়কটিতে অবস্থান নিয়েছে।
মঙ্গলবার বিকেলে খেলার সরঞ্জাম চুরি করা নিয়ে গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষের জের ধরে রাত ৯টার দিকে প্রথমবারের মতো মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
পুলিশ তখন হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
বুধবার সকালে শিক্ষার্থীরা জানায়, হামলাকারীরা গ্রেপ্তার না হওয়ার সকাল ১০টা থেকে তারা আবারও মহাসড়ক অবরোধ করেছে।
পুলিশ কর্মকর্তা তোফায়েল আহমেদ জানিয়েছেন, শিক্ষার্থীরা হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে অটল থেকে সড়ক অবরোধ চালিয়ে যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩৩৬ ঘ.
bdnews24