২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈধ অস্ত্র জমার সময় ১৪ ডিসেম্বর পর্যন্ত বেড়েছে

আসন্ন জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে থানায় বৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার সময় আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2008, 10:22 AM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে থানায় বৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার সময় আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে তা জানানো হয়। মন্ত্রণালয়ের উপ-সচিব গিয়াসউদ্দিন আহমেদ স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, "পিস্তল ও রিভলবার জাতীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত নিকটবর্তী থানায় জমা দেওয়া যাবে।" এর আগে ঘোষিত সময়সূচি অনুযায়ী বুধবার ওই সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। একই সঙ্গে আগ্নেয়াস্ত্রসহ চলাফেরা করার ওপর নিষেধাজ্ঞার সময় পরিবর্তন করে আগামী ১৫ ডিসেম্বর থেকে আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। এর আগে এ সময়সূচি ছিল ৪ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত। মন্ত্রণালয়ের আদেশে আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে থানায় জমা হওয়া আগ্নেয়াস্ত্রের হিসাব পুলিশের মহাপরিদর্শকের দপ্তরে পাঠাতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ঘোষিত তফসিলে পরিবর্তন আসায় অস্ত্র জমা ও বহনের সময়সীমা পরিবর্তন করা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান। আগামী ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন হবে। উপজেলা নির্বাচন হবে ২২ জানুয়ারি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬২০ ঘ.