ঢাকা,০১ ডিসেম্বর( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- তিন সদস্যের জাতীয় মানবাধিকার কমিশন সোমবার থেকে কাজ শুরু করেছে।
গত ১৯ নভেম্বর বিচারপতি আমিরুল কবির চৌধুরীকে কমিশনের চেয়ারম্যান এবং মুনিরা খান ও নীরু কুমার চাকমাকে সদস্য পদে নিয়োগ দেওয়া হয়।
কমিশনের সদস্য অধ্যাপক নীরু কুমার চাকমা সোমবার রাতে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য দেন। তিনি বলেন, "আমরা আনুষ্ঠানিকভাবে কাজ শুরুর আগে অনানুষ্ঠানিক ভাবে তিন বার বসেছি।"
নীরু কুমার চাকমা আরো জানান, কমিশনের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশের মানবাধিকার রক্ষার বিষয়টির উন্নয়ন ও এর নিশ্চয়তা বিধান করা। প্রথম আনুষ্ঠানিক বৈঠকে স্থায়ীভাবে অফিস, পর্যাপ্ত জনবল এবং যানবহনের ব্যবস্থা করার জন্য সরকারকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।
এবছরের পয়লা সেপ্টেম্বর সরকার জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করে। কমিশনের কার্যালয় স্থাপন করা হয়েছে রাজধানীর হেয়ার রোডে।
২০০৭ সালের জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ অনুযায়ী সরকার এই কমিশন প্রতিষ্ঠা করে।
অধ্যাদেশ অনুযায়ী যে কোনো রাষ্ট্রীয় বা সরকারি প্রতিষ্ঠানে মানবাধিকার লঙ্ঘন বা লঙ্ঘনের চেষ্টা সম্পর্কিত যে কোনো আবেদনের তদন্ত করতে পারবে জাতীয় মানবাধিকার কমিশন। কারাগার বা সংশোধনীকেন্দ্র পরিদর্শন করে কমিশন মানবাধিকার পরিস্থিতির উন্নয়নের জন্য সরকারকে সুপারিশ করবে। এছাড়া কমিশন মানবাধিকার সংরক্ষণের জন্য সংবিধান বা আইন পর্যালোচনা, মানবাধিবার প্রতিষ্ঠার বাধা চিিহ্নত করে তা প্রতিকারের সুপারিশ এবং আন্তর্জাতিক মানবাধিকার দলিলের অনুসমর্থন বা তাতে স্বাক্ষর প্রদানে সরকারকে পরামর্শ দেবে।
তবে আদালতে বিচারাধীন কোনো মামলা, ন্যায়পাল আইন অনুযায়ী ন্যায়পাল কর্তৃক বিবেচ্য কোনো বিষয়, সরকারি কর্মচারীদের চাকরি সংক্রান্ত কোনো বিষয় মানবাধিকার কমিশন তদন্ত বা বিবেচনা করবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এমকে/এসকে/২৩৪৭ঘ.
bdnews24