সিলেট, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট-১ (মহানগর ও সদর উপজেলা) আসনে বিএনপি নেতা এম সাইফুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রোববার দুপুরে তিনি নিজে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সাজ্জাদুল হাসানের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।
এ সময় তার সঙ্গে ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নাসিম হোসাইনসহ অন্য নেতাকর্মীরা।
জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে সাইফুর রহমানের মনোনয়নপত্র দাখিল করা হয়।
সিলেটের রিটার্নিং অফিসার সাজ্জাদুল হাসান জানান, সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর-বালাগঞ্জের একাংশ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ইলিয়াস আলী।
সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জের একাংশ) আসনে বিএনপির শফি আহমেদ চৌধুরী। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
সিলেট-৪ (জৈন্তা-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনে বিএনপির দিলদার হোসেন সেলিম, সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদ উদ্দিন চৌধুরী, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জামায়াতের মওলানা হাবিবুর রহমান, যুক্তফ্রন্টের শরফউদ্দিন খসরু ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সামসুদ্দিন বনিগ্রামী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬০৭ ঘ.
bdnews24