২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমনায় বোমা হামলায় ১৪ জনকে আসামি করে অভিযোগপত্র

রমনা বটমূলে ২০০১ সালের বোমা হামলার ঘটনায় জঙ্গি নেতা মুফতি হান্নানসহ ১৪ জনকে আসামি করে রোববার আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এটি দাখিল করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আবু হেনা মোহাম্মদ ইউসুফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2008, 08:43 AM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমনা বটমূলে ২০০১ সালের বোমা হামলার ঘটনায় জঙ্গি নেতা মুফতি হান্নানসহ ১৪ জনকে আসামি করে রোববার আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এটি দাখিল করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আবু হেনা মোহাম্মদ ইউসুফ। ২০০১ সালের ১৪ এপ্রিল (১ বৈশাখ) রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় হামলাকারী সুজনসহ ১০ জন নিহত হয়। ওই ঘটনার সাত বছর পর রোববার মামলার অভিযোগপত্র দেওয়া হলো। এর মধ্যে ছয় বার মামলার তদন্ত কর্মকর্তা বদল হয়। আবু হেনা ইউসুফ এ মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা। অভিযোগপত্র দাখিলের পর পুলিশ কর্মকর্তা আবু হেনা সাংবাদিকদের বলেন, "১৪ জনকে আসামি করে অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। আসামিদের সবাই হরকাতুল জিহাদের (হুজি) নেতা-কর্মী।" রোববার বিকালে সংবাদ সম্মেলনে সিআইডি এ বিষয়ে বিস্তারিত জানাবে বলে তিনি জানান। সিআইডি কর্মকর্তারা জানান, মামলায় তদন্তে ওই ঘটনায় ২২ জনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলেও নাম ঠিকানা না পাওয়ায় ১৪ জনকে আসামি করা হয়েছে। অন্যদের পরিচয় নিশ্চিত হওয়া গেলে পরে সম্পুরক অভিযোগপত্র দেওয়া হবে। আসামিরা হলেন- হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান, জাহাঙ্গীর বদর (দোহার), মাওলানা তাজউদ্দিন (ঢাকা), শেখ ফরিদ ওরফে রহমতউল্লাহ ওরফে শওকত ওসমান (খুলনা), মুফতি আবদুর রউফ, মুফতি শফিকুর রহমান (কিশোরগঞ্জ), হাফেজ মাওলানা আবু তাহের, আরিফ হাসান সুমন, ঢাকার মাদানী মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আকবর হোসেন ওরফে হেলাল উদ্দিন, শাহাবত উল্লাহ ওরফে জুয়েল (নারায়ণগঞ্জ), আব্দুল হান্নান ওরফে মাওলানা সাব্বির, হাফেজ আবু বকর, হাফেজ মাওলানা ইয়াহিয়া (সিলেট) ও মুফতি আব্দুল হাই ওরফে আবু নাঈম (কুমিল্লা)। সিআইডি কর্মকর্তারা জানান, এই ১৪ জনের মধ্যে পাঁচ জন গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন। এরা হলেন- মুফতি হান্নান, আবদুল রউফ, আবু তাহের, আরিফ হাসান সুমন ও জুয়েল। মাওলানা আকবর হোসেন ২০০১ সালে গ্রেপ্তার হলেও পরের বছর জামিনে ছাড়া পেয়ে আত্মগোপন করেন। সিআইডি কর্মকর্তারা জানান, ওই হামলার জন্য মাওলানা তাজউদ্দিন বোমা সরবরাহ করেন বলে তদন্তে প্রমাণ পাওয়া গেছে। তিনি ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে হামলার জন্য গ্রেনেডও সরবরাহ করেছিলেন বলে সিআইডি জানতে পেরেছে। তাজউদ্দিন সাবেক উপমন্ত্রী ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টুর ভাই। ২১ আগস্ট গ্রেনেড মামলায় আসামি পিন্টু বর্তমানে কারাগারে রয়েছেন। তাজউদ্দিন ওই মামলারও আসামি। সিআইডির সহকারী পুলিশ সুপার ফজলুল কবীর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জঙ্গি আরিফ হাসান সুমনকে গ্রেপ্তারের পর রমনা বটমূল বোমা হামলা ঘটনার অনেক নতুন তথ্য বেরিয়ে আসে। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে বোমা হামলায় দলের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ অন্তত ২৩ জন নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/এমআই/১৪৪৬ ঘ.