২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনোনয়ন দাখিলের সময় শেষ হচ্ছে, স্বতন্ত্র প্রার্থী হলেন জেড এ খান

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রোববার সকালে ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির সংস্কারপন্থী নেতা জেড এ খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2008, 06:18 AM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রোববার সকালে ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির সংস্কারপন্থী নেতা জেড এ খান। ঢাকা-১০ আসনে খেলাফত আন্দোলনের প্রার্থী শহিদুল্লাহ কাজীও সকালে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঢাকা জেলার নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের বলেন, "এ দুজনসহ এখন পর্যন্ত ঢাকার আসনগুলোতে মোট ১০৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।" তিনি আরো বলেন, "ঢাকার আসনগুলোতে আওয়ামী লীগের অধিকাংশ প্রার্থীই মনোনয়নপত্র জমা দিয়েছেন।" রোববার সকালে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের উপসচিব মিহির সারোয়ার মোর্শেদ জানিয়েছেন, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে বিকেল পাঁচটা পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এবার ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের পক্ষে দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র দাখিলের সুযোগ পাচ্ছে। ২০০৭ এর ২২ জানুয়ারির বাতিলকৃত সংসদ নির্বাচনে ৭৬টি রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী মিলে প্রায় দুই হাজার প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে। সর্বশেষ ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত ৮ম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন দুই হাজার ৫৬৩ জন। এ সময় ৫৫টি রাজনৈতিক দলের প্রার্থী ছাড়াও ৪৮৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নেয়। এর আগে ১৯৯৬ সালের ৭ম সংসদ নির্বাচনে তিন হাজার ৯৩ জন, ৬ষ্ঠ সংসদ নির্বাচনে এক হাজার ৯৮৭ জন, ৫ম সংসদ নির্বাচনে তিন হাজার ৮৫৫ জন, ৪র্থ সংসদ নির্বাচনে এক হাজার ১২০ জন, ৩য় সংসদ নির্বাচনে এক হাজার ৫২৭ জন, ২য় সংসদ নির্বাচনে দুই হাজার ৩৫২ জন এবং ১৯৭৩ সালের ১ম সংসদ নির্বাচনে এক হাজার ২০৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। আসন্ন নির্বাচনের জন্য প্রত্যেক আসনে যে কোন নিবন্ধিত দলের পক্ষ থেকে প্রাথমিকভাবে একাধিক প্রার্থীকে মনোনয়পত্র প্রদান করা যাবে। তবে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হলে মনোনয়নপত্র বাছাইয়ের আগে চূড়ান্তভাবে একজন মনোনীত প্রার্থীর নাম রাজনৈতিক দলের সভাপতি বা সাধারণ সম্পাদক অথবা সমপর্যায়ের পদাধিকারীকে একটি প্রত্যয়নপত্র প্রদান করে রিটার্নিং অফিসারের কাছে দিতে হবে। পুনর্র্নিধারিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাছাই বাছাই সম্পন্ন করার তারিখ আগামী ৩ ও ৪ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রতাহারের শেষ তারিখ ১১ ডিসেম্বর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/এজে/জিএনএ/১২০৯ ঘ.