মাদারীপুর, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদারীপুরের শিবচর পৌর বাজারে শুক্রবার সকালে আগুন লেগে ১১ টি দোকান ও দুটি বসতঘর পুড়ে গেছে।
সকাল ৬টার দিকে বাজারের একটি হাড়ি-পাতিলের দোকানে প্রথম আগুন দেখতে পান ব্যবসায়ীরা। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সেটা জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়রা প্রায় চার ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনার পর ফরিদপুর থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে তাদের ধাওয়া করে। পরে পুলিশ তাদের বুঝিয়ে পরিস্থিতি সামাল দেয়। ফিরে যায় ফায়ার সার্ভিসের গাড়ি।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম কবির ঘটনার সত্যতা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন।
শিবচর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. লোকমান হোসেন জানান, পৌর বাজারের প্রধান সড়কের শিবচর প্রেসক্লাব সংলগ্ন সোনালী ব্যাংকের পাশের ব্যবসায়ী শাহ আলম মিয়ার সিলভারের হাড়ি-পাতিলের দোকানে প্রথমে আগুন দেখতে পান তারা। আগুন দ্রুত পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
আগুনে মুদি, সিলভারের হাড়ি-পাতিল, মিষ্টির দোকান, স্টুডিও, সেলুনসহ ১১টি দোকান এবং বাজার সংলগ্ন দুটি বসত ঘর পুড়ে গেছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল জানান, কীভাবে আগুন লেগেছে সেটা খতিয়ে দেখা হচ্ছে।
শিবচর ব্যবসায়ী সমিতির সভাপতি বলেন, শিবচরে ফায়ার সর্ভিস স্থাপনের জন্য সরকারের কাছে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। কিন্তু তাদের দাবি উপেক্ষিতই থেকে গেছে।
তিনি দাবি করেন, আগুনে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০৯ ঘ.
bdnews24