পটুয়াখালী, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ১৩ দফা দাবিতে শিক্ষার্থী ও কর্মচারীদের যৌথ আন্দোলনের মুখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বৃহস্পতিবার রাতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্রদের রাতেই হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সঙ্গে বৈঠকে উপস্থিত থাকা দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ।
তিনি জানান, উপাচার্য এখনো অবরুদ্ধ আছেন। তারা বিষয়টি মীমাংসা করে উপাচার্যকে বের করে আনার চেষ্টা করছেন।
প্রত্যক্ষদর্শী একজন স্থানীয় সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা করে নোটিশ টাঙিয়ে দিয়েছে। ছাতদের রাতের মধ্যেই হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তবে ছাত্রীদের ব্যাপারে কিছু বলা হয়নি। তবে মানবিক কারণে রাতে ছাত্রীদের হলে অবস্থানের জন্য বলা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থী-কর্মচারীরা একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দিয়েছে। এতে অবরুদ্ধ হয়ে পড়েছেন উপাচার্য ড. হারুন অর রশিদসহ বেশ কয়েকজন শিক্ষক।
সন্ধ্যায় ৬টার দিকে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরঞ্জন দেবনাথ, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাফর হোসেন ও দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বিশ্ববিদ্যালয়ে যান। তারা উপাচার্যের সঙ্গে বৈঠকে বসেছেন। তবে ছাত্ররা প্রশাসনিক ঘেরাও করে অবস্থান করছে।
ওসি ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপাচার্য এখনও অবরুদ্ধ আছেন। তার সঙ্গে বৈঠক করে উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন তারা।
শিক্ষার্থী ও কর্মচারীরা যৌথভাবে ১৩ দফা দাবিতে আন্দোলন করে আসছে। শিক্ষার্থীদের দাবির মধ্যে আছে- বিশ্ববিদ্যালয়ের সব অনুষদে প্রয়োজনীয় সংখ্য শিক্ষক নিয়োগ, শিক্ষা সফর বাস্তবায়ন, এমবিএ কোর্স ও ইন্টার্নশিপ চালু।
অপরদিকে এডহক ভিত্তিতে কর্মরত কর্মচারীদের স্থায়ী নিয়োগসহ বিভিন্ন দাবি জানিয়েছে কর্মচারীরা।
স্থানীয় দুজন সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টায় সব অনুষদের শিক্ষার্থীরা ক্লাশ ও পরীক্ষা বর্জন করে আন্দোলনে যোগ দেয়। তারা তালা ঝুলিয়ে দেয় একাডেমিক ভবনসহ সব ভবনে।
একইসঙ্গে কর্মচারীরা কাজ বন্ধ করে দেওয়ায় অ্যাম্বুলেন্স, পানি-বিদ্যুৎসহ সেবা ইউনিটগুলোরও অচল হয়ে পড়েছে। ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করছে বলেও তারা জানান।
ফোন বন্ধ থাকায় এ ব্যাপারে উপাচার্য ড. হারুন অর রশিদের সঙ্গে কথা বলা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৯ ঘ.
bdnews24