ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা প্রত্যাহারের বিষয়ে সেনাপ্রধানের আহ্বানকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের নির্বাচন মূল্যায়ন প্রতিনিধি দলের প্রধান ফ্রান্সিস ভেনদ্রেল।
মঙ্গলবার রাতে গুলশানের কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে সাক্ষাতের পর ফ্রান্সিস ভেনদ্রেল সাংবাদিকদের বলেন, "আমরা চাই সব দলের জন্য সমান সুযোগ সৃষ্টির মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। জরুরি অবস্থা প্রত্যাহার বিষয়ে সেনাপ্রধান যে আহ্বান জানিয়েছেন তাকে আমরা স্বাগত জানাই।"
বৈঠক শেষে জাতিসংঘের সাবেক সহকারী মহাসচিব ভেনদ্রেল সাংবাদিকদের বলেন, "আমরা কোনো নির্বাচন পর্যবেক্ষক দল নই। আমরা এসেছি বাংলাদেশে ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচন প্রস্তুতির বিষয় ও সব দলের জন্য সমান সুযোগ সৃষ্টি হয়েছে কিনা তা দেখার জন্য।"
ভেনদ্রেল জানান, তারা ফিরে গিয়ে জাতিসংঘ মহাসচিবের কাছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন দেবেন। ওই প্রতিবেদনের ভিত্তিতেই জাতিসংঘ পর্যবেক্ষক দল পাঠাবে।
এর আগে সকালে প্রতিনিধি দলটি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে।
বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে সাক্ষাতকালে উপস্থিত অন্যতম নেতা শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের জানান, খালেদা জিয়া প্রতিনিধি দলের সদস্যদের জানিয়েছেন বিএনপি নির্বাচনে অংশ নিতে চায়। ইতোমধ্যে নির্বাচনের সব প্রস্তুতিও বিএনপি নিয়েছে।
সরকারের কাছে সব দলের সমান সুযোগ সৃষ্টির জন্য জরুরি অবস্থা প্রত্যাহার করা এবং জনপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৯১ (ই) ধারা স্থগিত করার বিষয়টিও তাদের অবহিত করা হয়েছে বলে জানান শমসের মবিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসকে/২১১৩ঘ.
bdnews24