ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থার আওতায় নাগরিকদের মৌলিক অধিকার খর্ব করার ধারা কেন বাতিল হবে না, তার ব্যাখ্যা জানাতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
চার নাগরিকের দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম চৌধুরীর বেঞ্চ সোমবার এ নির্দেশ দেয়।
রাষ্ট্রপতির জরুরি অবস্থা জারি এবং মৌলিক অধিকার খর্ব করা কেন অসাংবিধানিক হবে না, হাইকোর্ট তার কারণও জানাতে বলেছে।
ব্যাখ্যা ও কারণ জানানোর জন্য সরকারকে চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
রিট আবেদনটি করেন সাবেক সচিব আসাফউদ্দৌলা, সাংবাদিক নূরুল কবীর ও আমীর খসরু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক রেহনুমা আহমেদ।
আদালতে এর ওপর শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মঈন ফিরোজ।
রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ২০০৭ সালের ১১ জানুয়ারি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ দেশে জরুরি অবস্থা জারি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৬০০ ঘ.
bdnews24