ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষীকে (বাদি) জেরা অব্যাহত রয়েছে।
রোববার ঢাকার এক নম্বর দ্রুতবিচার ট্রাইবুনাল আদালতে বিচারাধীন এ মামলায় বাদি মতিঝিল থানার সাবেক উপপরিদর্শক শরীফ ফারুক আহম্মেদকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেন।
বিচারক মো. মাসদার হোসেন আগামী ৩০ নভেম্বর মামলার পরবর্তী তারিখ দিয়েছেন। ওইদিন বাদিকে আবারো জেরা করা হবে।
গত ১৭ নভেম্বর হত্যা সংক্রান্ত মামলায় বাদির সাক্ষ্য নেওয়া শুরু হয়।
সকালে মামলার আসামিপক্ষের অন্য আইনজীবীদের সমর্থন নিয়ে বাদিকে জেরা শুরু করেন সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর আইনজীবী আব্দুস সোবহান তরফদার।
এর আগে সকালে আসামি আব্দুস সালাম পিন্টু ও হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নানসহ ১৩ জনকে কারাগার থেকে আদালতে আনা হয়। এ মামলার বাকি ৯ আসামির একজন জামিনে আছেন এবং বাকিরা পলাতক।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় সিআইডি গত ১১ জুন হত্যা ও বিস্ফোরণের পৃথক দুটি মামলায় ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসকে/২২১০ঘ.
bdnews24