বাগেরহাট, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের কচুয়া উপজেলার মষনি গ্রামে শনিবার রাতে ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য রাধা রাণী মিত্রকে (৬৮) হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে নিজের ঘর থেকে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তের পর পুলিশ বলেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বা কোন সংঘবদ্ধ চোরের দল রাধার রাণীর ঘরে সিঁদ কেটে ঢুকে তাকে হত্যা করে থাকতে পারে।
রাধা রাণী কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য ছিলেন। তিনি টানা তিনবার ইউপি সদস্য নির্বাচিত হন। বাড়িতে তিনি একাই থাকতেন বলে জানিয়েছে প্রতিবেশীরা।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুল আলম জানান, জমি সংক্রান্ত বিরোধ বা সংঘবদ্ধ কোন চোরের দলকে তারা প্রাথমিকভাবে হত্যাকারী হিসেবে সন্দেহ করছেন। তবে পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
তিনি জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। রাধার রাণীর মেয়ে গীতা রাণী অজ্ঞাত কয়েক ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বাগেরহাটের পুলিশ সুপার মো. আওলাদ আলী ফকির রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রতিবেশী সুনীল শীলের স্ত্রী মানসী রাণী জানান, ভোরে রাধা রাণীর বাড়ির উঠানে ফুল তুলতে এসে তার ঘরের দরজা খোলা দেখতে পান তিনি। কৌতুহলবশত তিনি ঘরে ঢুকে হাত-পা বাঁধা অবস্থায় রাধা রাণীকে খাটের উপর পড়ে থাকতে দেখেন।
পরে তার চিৎকারে এলাকাবাসী জড়ো হয় এবং পুলিশকে খবর দেয়।
বাধাল ইউনিয়নের সদস্য শেখর চন্দ্র দাস বলেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত তারা একত্রে ইউনিয়ন পরিষদে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করেছেন। রাধা রাণীর যে কোন শত্র" থাকতে পারে তা তার কল্পনার বাইরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬১০ ঘ.
bdnews24