২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুধা সদনের সামনে মারামারি

আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া এবং না পাওয়া প্রার্থীদের সমর্থকদের মধ্যে রোববার সকাল থেকে কয়েক দফা মারামারি হয়েছে। নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে মনোনয়ন না পাওয়া কেএম সফিউল্লাহর সমর্থকরা সকাল থেকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদনের সামনে বিক্ষোভ করছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2008, 07:21 AM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া এবং না পাওয়া প্রার্থীদের সমর্থকদের মধ্যে রোববার সকাল থেকে কয়েক দফা মারামারি হয়েছে। নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে মনোনয়ন না পাওয়া কেএম সফিউল্লাহর সমর্থকরা সকাল থেকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদনের সামনে বিক্ষোভ করছিল। ১১টার দিকে সেখানে ওই আসনে মনোনয়ন পাওয়া গাজী গোলাম দস্তগীরের কয়েকজন সমর্থক এলে তাদের মারধর করে সাবেক সেনাপ্রধান সফিউল্লাহর সমর্থকরা। এদিকে ঝালকাঠি-১ আসনে থেকে মনোনয়ন চেয়ে ব্যর্থ হান্নান ফিরোজের সমর্থকরাও একই স্থানে বিক্ষোভ করছিল। এক পর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে শফিউল্লাহর সমর্থকদের সঙ্গে ঝালকাঠির নেতা-কর্মীদের সংঘর্ষ বেধে যায়। উভয় পক্ষের সমর্থকরা হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে। সংঘর্ষে কিরণ ও ইমরান নামে দুই জন আহত হয়েছে। তারা শফিউল্লাহর সমর্থক বলে নেতা-কর্মীরা জানিয়েছেন। দুপুর ১টার দিকে কেএম সফিউল্লাহর সমর্থকরা ঝালকাঠির নেতা-কর্মীদের হটিয়ে সুধা সদনের প্রবেশ পথের ফটকের অবস্থান নেয়। তারা নারায়ণগঞ্জ-১ আসনে শফিউল্লাকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে স্লোগান দেয়। পরে পুলিশ তাদেরও হটিয়ে দেয়। কেএম সফিউল্লাহ ১৯৯৬ সালে ওই আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ২০০১ এর নির্বাচনে মনোনয়ন পেলেও চারদলীয় জোট প্রার্থীর কাছে হেরে যান তিনি। এদিকে, নেত্রকোনার কেন্দুয়া-আটপাড়া এলাকার কয়েকটি ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা রোববার দুপুরে শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। তারা ওই আসনে অসীম কুমার উকিলকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন। আওয়ামী লীগ ওই আসনে মনোনয়ন দিয়েছে মহজুর কাদের কোরায়েশী। এছাড়া আরও কয়েকটি আসনে মনোনয়ন না পাওয়াদের সমর্থকরা শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। তারা নরসিংদী-১ আসনে মোহাম্মদ আলী, কুষ্টিয়া-১ ব্যারিস্টার আমীর উল ইসলাম, ঝালকাঠি-১ আসনে হান্নান ফিরোজ, জয়পুরহাট-১ শামসুল হক দুদু এবং ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে জাকির আহমেদকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রায় সব আসনেই তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৩১২ ঘ.