নওগাঁ নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁর ধামইরহাট উপজেলার রামপ্রসাদ গ্রামে শুক্রবার রাতে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। ডাকাতদের ছুরিকাঘাতে আহত হয়েছে বাবা-ছেলেসহ তিনজন।
নিহত ডাকাত আলাউদ্দিনের (৪০) বাড়ি জেলার মহাদেবপুর উপজেলার হাট চকগৌরি গ্রামে।
আহত নওেন্দ্রনাথ (৮০), তার দুই ছেলে নিরঞ্জন (৪০) ও কৃষ্ণ পদকে (৩৮) ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
ধামইর হাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস জানান, শুক্রবার মধ্যরাতে রামপ্রসাদ গ্রামের নরেন্দ্রনাথের বাড়িতে হানা দেয় ৩০/৩৫ জনের একদল ডাকাত। তারা গৃহকর্তা নরেন্দ্রনাথ ও তার দুই ছেলেকে ছুরিকাঘাত করে।
ডাকাতরা নরেন্দ্রনাথের বাড়ি থেকে ৯০ হাজার টাকা, স্বর্ণালংকারসহ প্রায় চার লাখ টাকার মাল লুট করে নিয়ে গেছে বলে ওসি ওই পরিবারের বরাত দিয়ে জানান।
তিনি জানান, ডাকাতি করে যাওয়ার সময় গ্রামবাসী ধাওয়া করে আলাউদ্দিনকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। এ ব্যাপারে ধামইরহাট থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৫ ঘ.
bdnews24