ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাজারীবাগ এলাকায় গণকটুলি সিটি করপোরেশন কলোনিতে শুক্রবার সকালে আগুন লেগে প্রায় ১০০ ঘর পুড়ে গেছে। কলোনিবাসী বলছে, আগুনে অন্তত ২০জন আহত হয়েছে।
দমকল বাহিনীর পরিচালক (অপারেশন) শেখ মো. শাহজালাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগে এবং আশপাশের ঘরগুলোতে তা দ্রুত ছড়িয়ে পড়ে। পরে দমকল বাহিনীর ১৪টি ইউনিট টানা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।"
কোনো বাড়ির চুলা থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করছে দমকল কর্মীরা।
মো. শাহজালাল বলেন, অধিকাংশ ঘর টিন ও কাঠের তৈরি ও খুব ঘিঞ্জি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের বেগ পেতে হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এফএফ/টিএইচ/জেকে/১৭৪০ ঘ.
bdnews24