বান্দরবান, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবানের থানচি উপজেলার পৃথক স্থানে সোমবার সন্ধ্যায় তিন আদিবাসীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার তাদের লাশ উদ্ধার করেছে বিডিআর।
এরা হলেন- থানচির সিংগাহা মৌজা প্রধান বা হেডম্যান পাইথুই (৪৮), আন্ধার মানিক ম্রাউয়া পাড়া প্রধান বা কারবারী রুই নং ম্র ও ছং দে।
থানচির বলিপাড়া জোনের বিডিআর কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল লুৎফুল কবির এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ইউসুফ জানান, পাইথুই মেয়ের বিয়ের উৎসব শেষ করে সোমবার বাজারে এসেছিলেন। এখানে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে।
অপরদিকে ম্রাউয়া পাড়ার কারবারী রুই নং ম্র ও ছং দে'কে তাদের বাড়িতেই হত্যা করা হয়।
লে. কর্নেল লুৎফুল কবির জানান, বিডিআর লাশ তিনটি উদ্ধার করে বড় মদক পাড়ায় বিডিআর হেফাজতে রাখা হয়েছে। এখনও কাউকে আটক করা যায়নি।
এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হত্যকারীদের ধরতে অভিযান চলছে বলে তিনি জানান।
বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯০০ ঘ.
bdnews24