২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোশাররফের জামিন; শামসুল ও আনোয়ারের মামলা স্থগিত

বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন। সাবেক মন্ত্রী এম শামসুল ইসলাম ও এমকে আনোয়ারের বিরুদ্ধে এ মামলার কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2008, 12:01 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন। সাবেক মন্ত্রী এম শামসুল ইসলাম ও এমকে আনোয়ারের বিরুদ্ধে এ মামলার কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে। দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সৈয়দা সাজেদা চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির মামলাও। মোশাররফ হোসেনকে মঙ্গলবার জামিন দেয় বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও বিচারপতি আফজাল হোসেন আহমেদের হাইকোর্ট বেঞ্চ। একই বেঞ্চ শামসুল ও এমকে আনোয়ারের বিরুদ্ধে এ মামলার কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করে। বিএনপির এ তিন নেতার বিরুদ্ধে খনি মামলার কার্যক্রম কেন বাতিল করা হবে না, তার কারণ জানাতে সরকারের প্রতি আদেশও দিয়েছে আদালত। একেএম মোশাররফ বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। হাইকোর্টের আদেশে গত ৯ নভেম্বর তিনি বিচারিক আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠায়। শামসুল ও একে আনোয়ার জামিনে মুক্ত রয়েছেন। খালেদা জিয়া, তার মন্ত্রিসভার ১০ সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে গত ২৬ ফেব্র"য়ারি শাহবাগ থানায় বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। মামলার তদন্ত কর্মকর্তা কমিশনের উপপরিচালক আবুুল কাশেম ফকির গত ৫ অক্টোবর ১৬ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। সাবেক বন ও পরিবেশ মন্ত্রী সাজেদা চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির মামলার কার্যক্রমে মঙ্গলবার স্থগিতাদেশ দেয় বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ফারাহ মাহবুবের হাইকোর্ট বেঞ্চ। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে এ মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। গত ১০ জুলাই রাজধানীর রমনা থানায় এ মামলা দায়ের করা হয়। এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে সাজেদার দায়ের করা রিট আবেদনের ওপর শুনানির পর হাইকোর্ট দুই মাসের স্থগিতাদেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৭৫৮ ঘ.