গোপালগঞ্জ, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ফকিরাপুল থেকে রোববার রাতে তিন কিশোরীকে উদ্ধার ও পাচারকারী দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উদ্ধার হওয়া কিশোরীরা হলো, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার মুক্তা (১৪), মুন্নি আকতার সুমি (১৪) ও নড়াইলের আসমা আকতার (১৪)।
গ্রেপ্তারকৃতরা হলো- নারায়ণগঞ্জের রাশিদা বেগম (৩২) ও মো. রিপন খান (৩০) এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার আক্তারুজ্জামান (৩৪)।
ছয়জনের সবাই টুঙ্গিপাড়া থানা হেফাজতে রয়েছে।
টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকার ফকিরাপুলের একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশের একটি দল রোববার গভীর রাতে ওই তিন কিশোরীকে উদ্ধার করে। একই সময়ে অপহরণকারী দলের সদস্য সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়। মুক্তা পুলিশকে জানিয়েছে, গত ২৫ অক্টোবর তাদের টুঙ্গিপাড়া থেকে ঢাকায় নিয়ে আসে পাচারকারীরা।
গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার মো. হামিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সারা দেশ থেকে কৌশলে নারীদের ভুলিয়ে মধ্যপ্রাচ্যে পাচার করে তারা। গ্রেপ্তার হওয়া রাশিদা বেগমের পাসপোর্টে লেবাননের ভিসা আছে। একাধিক পাসপোর্ট থাকার কথাও স্বীকার করেছে সে। রাশিদা জানিয়েছে, সে প্রায়ই নিজে মেয়েদের নিয়ে বিদেশে যায়।"
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টুঙ্গীপাড়া থানার একটি মামলায় সেখানকার পুলিশ রাজধানীতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার ও তিন কিশোরীকে উদ্ধার করে। মতিঝিল থানা পুলিশ তাদের সাহায্য করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জিএমএ/টিএইচ/২০৩০ ঘ.
bdnews24