২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি-র রাজধানীর আস্তানা থেকে ১৫০ গ্রেনেডের খোলা উদ্ধার

রাজধানীর মীরপুর ও শনির আখড়ায় অভিযান চালিয়ে বিস্ফোরক, গ্রেনেডের বহিরাবরণ (খোলা) ও জেহাদী বই উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব বলেছে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়েতুল মুজাহেদীনের (জেএমবি) গোপন আস্তানায় অভিযান চালিয়ে তারা একজনকে আটক ও এসব উদ্ধার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2008, 04:59 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মীরপুর ও শনির আখড়ায় অভিযান চালিয়ে বিস্ফোরক, গ্রেনেডের বহিরাবরণ (খোলা) ও জেহাদী বই উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব বলেছে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়েতুল মুজাহেদীনের (জেএমবি) গোপন আস্তানায় অভিযান চালিয়ে তারা একজনকে আটক ও এসব উদ্ধার করে। গত শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত র‌্যাবের গোয়েন্দা শাখাসহ একাধিক দল এ অভিযান চালায়। অভিযানের সময় মীরপুর থেকে মোঃ হানিফ ওরফে কালাম (২৮) নামে এক জেএমবি সদস্যকে আটক করেছে র‌্যাব। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রোববার বিকালে র‌্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সেখানে গ্রেপ্তারকৃত সন্দেহভাজন জঙ্গি হানিফ ওরফে কালাম এর সঙ্গে কথা বলেন সাংবাদিকরা। এসময় উদ্ধারকৃত জিনিসপত্র সংবাদকর্মীদের সামনে উপস্থাপন করা হয়। এ সময় র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল গুলজার উদ্দিন আহমেদ বলেন, র‌্যাব সদস্যরা গোয়েন্দা নজরদারির মাধ্যমে জেএমবি-র 'এহসার' সদস্য মোঃ হানিফ ওরফে কালামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। কালাম জেএমবির সামরিক শাখার সদস্য ও বোমা বিশেষজ্ঞ। তার দেওয়া তথ্যের সূত্রে রাজধানীর মীরপুর ও শনির আখড়ায় অভিযান চালিয়ে ১৫০টি গ্রেনেডের বহিরাবরণ, শক্তিশালী গ্রেনেড ও বোমা তৈরির বিপুল পরিমাণ বিস্ফোরক পাউডার, কয়েক গ্যালন ভর্তি তরল বিস্ফোরক উপাদান (নাইট্রিক এসিড) ও ইলেকট্রনিক সামগ্রী উদ্ধার করা হয়। কর্ণেল গুলজার উদ্দিন জানান, বিভিন্ন এলাকায় জেএমবি জঙ্গি সদস্যরা মওলানা সাইদের তত্ত্বাবধানে আবারও সক্রিয় হচ্ছে। একে জেএমবির মতবাদ প্রতিষ্ঠার ধারাবাহিকতার একটি অংশ হিসেবে আখ্যায়িত করেন তিনি। আটক কালামের তথ্য মতে র‌্যাব সদস্যরা মীরপুর ১০ নম্বর সেক্টর ও শনির আখড়ার রায়েরবাগের একটি বাসায় অবস্থিত জেএমবির গোপন আস্তানায় শনিবার রাতভর অভিযান চালায়। জঙ্গী সদস্য কালাম সাংবাদিকদের জানান, তিনি দেড় বছর ধরে জেএমবির 'এহসার' সদস্য। দলে তিনি বোমা বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। জনৈক মোস্তাফিজের মাধ্যমে তিনি জেএমবিতে যোগ দেন। বর্তমানে তার নেতা মওলানা সাঈদ হোসেন। তবে তিনি কোথায় আছেন এ ব্যাপারে কোন তথ্য দিতে পারেন নি কালাম । কালামের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার নান্দরকান্দি গ্রামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এসকে/২২৫০ঘ.