২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমসটেক কনভেনশন ও নাগরিকত্ব সংশোধনী অধ্যাদেশ অনুমোদিত

আন্তর্জাতিক সন্ত্রাস, আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ এবং মাদকদ্রব্যের অবৈধ পাচার রোধ সংক্রান্ত বিমসটেক কনভেনশন স্বাক্ষরের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রোববার প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2008, 04:04 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- আন্তর্জাতিক সন্ত্রাস, আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ এবং মাদকদ্রব্যের অবৈধ পাচার রোধ সংক্রান্ত বিমসটেক কনভেনশন স্বাক্ষরের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রোববার প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে নাগরিকত্ব আইন ১৯৫১ এর প্রয়োজনীয় সংশোধনী এনে বাংলাদেশী কোনও নারী বিদেশীকে বিয়ে করলে তাদের সন্তানদের স্বয়ংক্রিয়ভাবেই বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার পথ সুগম করা হয়েছে। উপদেষ্টা পরিষদ আন্তর্জাতিক সন্ত্রাস, আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ এবং মাদকদ্রব্যের অবৈধ পাচার রোধ সংক্রান্ত বিমসটেক কনভেনশন স্বাক্ষরের অনুমোদন দিলেও এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের মতামত গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠক শেষে তার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম সাংবাদিকদের আরও বলেন, বৈঠকে নাগরিকত্ব সংশোধনী অধ্যাদেশ-২০০৮ এর অনুমোদন দেওয়া হয়েছে। এ সংশোধনীর ফলে বাবা বা মা বাংলাদেশী হলেই তাদের সন্তানরা যেখানেই জন্মগ্রহণ করুক না কেন বাংলাদেশের নাগরিকত্ব পেয়ে যাবে। ১৯৫১ সালের আইনে বাবা বাংলাদেশী হলেই তারা নাগরিকত্ব পাবে বলা ছিল। কিন্তু মায়েদের ক্ষেত্রে কোনও কিছুর উল্লেখ করা হয়নি। সেক্ষেত্রে কোনও বাংলাদেশি মহিলা বিদেশিকে বিয়ে করলে তাদের সন্তানদের নাগরিকত্বের জন্য আবেদন করতে হতো। ঢাকা শিশু হাসপাতাল অধ্যাদেশ-২০০৮ এর বিস্তারিত আলোচনার পর নীতিগত অনুমোদন দেওয়া হয় বৈঠকে। অধ্যাদেশটি আরও পরীক্ষা-নিরীক্ষা করে আবার উপস্থাপনের জন্য স্বাস্থ্য ও আইন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের ২০০৭-২০০৮ অর্থ বছরের কর্মকাণ্ড সম্পর্কিত প্রতিবেদন উপস্থাপন করে মন্ত্রিপরিষদ বিভাগ। নিজ নিজ মন্ত্রণালয়ের বার্ষিক কর্মকাণ্ড পৃথকভাবে প্রকাশ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিল বৈঠকে হজ্ব ফ্লাইটের ব্যবস্থাপনা বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন। হজ্ব যাত্রীরা সুশৃঙ্খলভাবে যেতে পারছেন বলে তিনি সভাকে অবহিত করেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদা কে চৌধুরি ঢাকা শহরের ৪০০ বছর উদযাপন ও প্রস্ততি বিষয়ে সভাকে অবহিত করেন। ২৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে এর কর্মসূচি শুরু হবে বলে তিনি বৈঠকে জানান। কৃষি উপদেষ্টা সি এস করিম শনিবার দেশব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কৃষি দিবস পালিত হওয়ার কথা উল্লেখ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এডি/এমআরএফ/এসকে/২১৫৭ঘ.