রংপুর, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের পাগলাপীরে শনিবার বিকেলে বাসের চাপায় দুই মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা রংপুর-দিনাজপুর মহাসড়ক প্রায় দুঘণ্টা অবরোধ করে রাখে।
পুলিশ জানায়, ঢাকা থেকে দিনাজপুরগামী একটি বাস বিকেল সোয়া ৩টার দিকে পাগলাপীর এলাকায় একটি মোটর সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই আরোহী শহিদুল (৫৫) ও মালেক (৩৮) নিহত হন। তাদের বাড়ি রংপুরের সদর উপজেলার কুর্শা বলরামপুর গ্রামে।
দুর্ঘটনার পর জনতা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। রংপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ জানান, বিকেল ৫টার দিকে পুলিশ অবরোধকারীদের সরিয়ে দিলে যান চলাচল আবার শুরু হয়।
পুলিশ বাসটি আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৮১৯ ঘ.
bdnews24