ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দক্ষিণের উপকূলীয় এলাকাগুলোর মানুষদের জীবনে 'সিডর' এক দুঃসহ স্মৃতির নাম।
২০০৭ সালের ১৫ নভেম্বর বাংলাদেশের সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকায় আঘাত হানে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর।
আগের রাত থেকেই ঘনীভূত হতে থাকা এ ঝড়ের আঘাতে দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বয়স্করা তখন বলেছিলেন, স্মরণকালের মধ্যে এত ভয়াবহ ঝড় দেখেননি তারা।
সিডরে ভেঙে পড়ে হাজার হাজার গাছপালা, এখন প্রাকৃতিক সপ্তাশ্চর্যের তালিকার দৌড়ে এগিয়ে থাকা বিখ্যাত ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের একটি অংশ বিধ্বস্ত হয়। শুধু সরকারি হিসেবেই নিহতের সংখ্যা দাঁড়ায় সাড়ে তিন হাজারের মতো। নিখোঁজ হয় কয়েকশ মানুষ।
উপকূলীয় জেলা নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিচু এলাকা স^াভাবিক জোয়ারের চেয়ে ১৫ থেকে ২০ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়। এসব জেলার ওপর দিয়ে ঘণ্টায় ১৮০ থেকে ২২০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায়। অধিকাংশ মানুষ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিলেও অনেক আগে থেকে বিপদসংকেত জারি করায় অনেকেই ঝড় হবে না ভেবে বাড়ি ফিরে এসেছিলেন। আর এরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছেন।
আবহাওয়া দপ্তর বেশ আগে থেকেই উপকূলীয় জেলাগুলোর জন্য ১০ নম্বর বিপদ সংকেত জারি করে। সন্ধ্যার পর থেকে দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ঝোড়ো হাওয়া ও জলোচ্ছাসের কারণে প্রচুর কাঁচা-পাকা ঘর বিধ্বস্ত হয়। জোয়ারের পানিতে গবাদিপশু ও হাঁস-মুরগি ভেসে যায়।
জাতীয় বিদ্যুৎ সরবরাহ গ্রিড লাইন ভেঙে পড়ায় সিডরের রাত থেকে পরের দিন রাত পর্যন্ত প্রায় ৩০ ঘণ্টা দেশের অধিকাংশ অঞ্চল থাকে বিদ্যুৎহীন।
সিডর দেশের প্রায় মধ্যাঞ্চল দিয়ে অতিক্রম করায় আরও কিছু জায়গায় ক্ষয়ক্ষতি হয়। ঝড়ের প্রভাবে রাজধানীরও বিভিন্ন এলাকাতে গাছপালা ভেঙে পড়ে। কয়েকটি রাস্তায় গাছ ভেঙে পড়ায় যানবাহন চলাচল ব্যাহত হয়। রাজধানীর অনেক এলাকাতেই সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
সিডরের পরপরই সেনাবাহিনীর সহায়তায় ব্যাপক উদ্ধার তৎপরতা শুরু করে সরকার। রেডক্রিসেন্ট, ব্র্যাকসহ বিভিন্ন বেসরকারি সংস্থা উদ্ধার কাজে এগিয়ে আসে। যুক্তরাষ্ট্র ও জাপান জরুরি ত্রাণ সাহায্য পাঠায়। এছাড়া বিভিন্ন দেশ ত্রাণ সাহায্যের ঘোষণা দেয়।
সিডরের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতি হয় সুন্দরবনের। বনের একটি অংশ পুরোপুরি বিধ্বস্ত হয়। কি পরিমাণ পশু-পাখি ভেসে গেছে বা কত গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে তার কোনো সরকারি হিসেব আজও তৈরি হয়নি। সিডরের পরপর দাতা সংস্থা ও বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে এক সভায় সরকার জানায়, সিডরের ক্ষতির পরিমাণ চারশ কোটি ডলারের বেশি। ওই সময় দাতা সংস্থা ও দেশগুলোর কাছে পুনর্বাসন কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সহায়তা চায় সরকার। দাতারা প্রতিশ্র"তি দিলেও সে অনুযায়ী সাহায্য এখনও সরকারের কাছে পৌঁছেনি।
বাংলাদেশ এমনিতেই প্রাকৃতিক দুর্যোগের দেশ হিসেবে বিশ্বে পরিচিত। গত একশ পঁচিশ বছরে ৮০টিরও বেশি বড় ধরনের ঘূর্ণিঝড় এ অঞ্চলে আঘাত হেনেছে। মারা গেছে ১০ থেকে ১৫ লাখ মানুষ। ঘর ছাড়া হয়েছে আরও কয়েক লাখ মানুষ।
১৯৭০ সালে নভেম্বর মাসে এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে উপকূলীয় এলাকায় ৫ লাখের বেশি মানুষ মারা যায়। ওই সময় ঘণ্টায় ২২২ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায়। ১০ মিটার উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয় উপকূলীয় অঞ্চল।
১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে মারা যায় ১ লাখ ৪৩ হাজার মানুষ। ধ্বংস হয় হাজার হাজার ঘরবাড়ি।
১৯০১ থেকে ২০০৭ পর্যন্ত বছরগুলোতে নভেম্বর মাসে বাংলাদেশে মোট ১৫টি ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। এর মধ্যে প্রবল ঘূর্ণিঝড় ছিল আটটি। হারিকেনের শক্তিসম্পন্ন ছিল চারটি। ১৯৭০ সালের ১২ নভেম্বর, ১৯৭১ সালের ৫ ও ৬ নভেম্বর, ১৯৮৩ সালের ৯ নভেম্বর, ১৯৮৮ সালের ৩০ নভেম্বর, ১৯৯২ সালের ২১ নভেম্বর, ১৯৯৫ সালের ১০ নভেম্বর এবং ১৯৯৬ সালের ৮ নভেম্বর এসব ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানে।
এর মধ্যে সবচেয়ে বেশি গতি ছিল ১৯৭০ সালের ঝড়টির (ঘণ্টায় ২২২ কিলোমিটার)। ওই বছর জলোচ্ছ্বাস হয় স্বাভাবিকের চেয়ে ১০ থেকে ৩৩ ফুট উঁচু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/জেকে/এসকে/২২১৮ঘ.
bdnews24