ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ট্রেন বিলম্বের কারণ যথাসময়ে যাত্রী ও উর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানানোর কারণে শুক্রবার বাংলাদেশ রেলওয়ের এক বিভাগীয় ট্রেন কন্ট্রোলারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
দেশে ট্রেন চলাচলে অনিয়ম বিশেষ কোনও ব্যতিক্রমী ঘটনা না হলেও এক্ষেত্রে ঘটনাক্রমে সরাসরি যোগাযোগ সচিবের হস্তক্ষেপ হওয়ায় এ শৃঙ্খলামূলক ব্যবস্থাটি নেওয়া হয়েছে।
রেলের মহাপরিচালক বেলায়েত হোসেন শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কর্তব্যে অবহেলার কারণে বিভাগীয় ট্রেন কন্ট্রোলার অনুপ কুমার দাসকে বরখাস্ত করা হয়েছে। ট্রেন বিলম্বের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো উচিত ছিল। সেই দায়িত্ব তিনি পালন করেননি।"
নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ের এক কর্মকর্তা জানান, শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটির ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ট্রেনটি ছাড়ার সময় হলে শুধু একটি ঘোষণা দেওয়া হয় যে, যান্ত্রিক ত্র"টির কারণে ট্রেন ছাড়তে বিলম্ব হবে। ঘণ্টাখানেক দেরির পরও পরবর্তী কোনো ঘোষণা দেওয়া হয়নি। এক পর্যায়ে একজন যাত্রী সরাসরি যোগাযোগ সচিবের কাছে ফোন করেন। তার নির্দেশে বিষয়টি তদন্ত করে ওই কন্ট্রোলারকে বরখাস্ত করা হয়।
এ বিষয়ে যোগাযোগ সচিব ইকবাল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রেলওয়ের ডিজি আমাকে জানিয়েছেন, এ (ঠিকভাবে তথ্য না জানানো) কারণে একজনকে বরখাস্ত করা হয়েছে।"
তিনি বলেন "সময়মতো ট্রেন না ছাড়লে এটা যাত্রীদেরকে জানাতে হবে। এটা পালন করতে হয়। প্রতি ১০/১৫ মিনিট পরপর ঘোষণা করা হয় কেন ট্রেনটি ছাড়ছে না। কোনো ট্রেন যদি যথাসময়ে ছাড়তে না পারে সেটি যোগাযোগ সচিবকে জানাতে বলা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/কেআরসি/জিএমএ/এসকে/২২১৪ঘ.
bdnews24