২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে তিন খুন

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় দুই যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এছাড়া যাত্রাবাড়ী থেকে এক মহিলার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2008, 01:50 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুর এলাকায় দুই যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এছাড়া যাত্রাবাড়ী থেকে এক মহিলার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মোহাম্মদপুরে নিহতরা হলেন- সিরাজুল আমিন লিংকন (৩০) ও আলম ইয়ামিন আবলাম (৩২)। পুলিশ বলছে, এই দু'জনের বিরুদ্ধেও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার রাতের কোনও এক সময় তাদের গুলি করে বালুর মাঠে ফেলে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি মামলাও দায়ের করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, শুক্রবার সকালে ঢাকা উদ্যানের পাশে বালুর মাঠে দুই যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত লিংকনের বাবার নাম আমিনুল হক; বাসা আদাবরের ১১ নম্বর সড়কে। লিংকন জিগাতলা এলাকায় ফাস্টফুডের ব্যবসা করতেন। আর নিহত আবলামের বাবা মৃত নুরুল ইসলাম; বাসা মোহাম্মদিয়া হাউজিংয়ে। উপ পরিদর্শক আনোয়ার জানান, লিংকন ও আবলামের বিরুদ্ধে ধানমণ্ডি থানায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এদিকে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ির কাজলা এলাকা থেকে পারুল বালা দাস (৫৫) নামে এক মহিলার বস্তাবন্দি লাশ উদ্ধার করে যাত্রাবাড়ি থানা পুলিশ। থানার উপ-পরিদর্শক মো. বেলাল বলেন, "পারুলের শরীরের বিভিন্ন জায়গায় নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, শারীরিক নির্যাতনের পর পারুলকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ বস্তায় ভরে ফেলে গেছে খুনী বা খুনীরা।" পারুলের বাসা দক্ষিণ কাজলার বি ব্লকে। তার স্বামী মৃত মনোরঞ্জন দাস। এ ঘটনায় নিহতের ছেলে বিশ্বজিৎ দাস যাত্রাবাড়ী থনায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে এজাহারে সুনির্দিষ্টভাবে কাউকে আসামি করা হয়নি। এদিকে গত বুধবার রাতে মতিঝিল এজিবি কলোনিতে সন্ত্রাসীদের গুলিতে নিহত যুবকের পরিচয় মিলেছে। তার নাম আসাদুল করিম রিয়াদ (২৫)। তারা বাসা নারায়ণগঞ্জের ফতুল্লায়। রিয়াদের মা রুনু বেগম জানান, তার ছেলে 'আগে' বখাটে ছেলেদের সঙ্গে মিশতো। বুধবার সকালে বাসা থেকে বের হওয়ার পর সে আর বাসায় ফেরেনি। রাতে পুলিশ তার লাশ উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/১৯৪৫ ঘ.