২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে রাজধানীর হোটেল র‌্যাডিসনে জড়ো হয়েছেন সরকারের নেতৃবৃন্দ, রাজনীতিক, শিল্পী-সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক, সরকারি-বেসরকারি ও সামরিক কর্মকর্তা, ব্যবসায়ী এবং বিভিন্ন ক্ষেত্রের শীর্ষ ব্যক্তিবর্গ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2008, 02:57 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

দেশের প্রথম অনলাইন সংবাদপত্রটি গত ২৩ অক্টোবরই তৃতীয় বছরে পা রাখলেও তা উদযাপন করা হচ্ছে বৃহস্পতিবার।

সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বেশ ক'টি নতুন সাইটের উদ্বোধন করা হবে। এর মধ্যে থাকছে স্পোর্ট ও ব্লগ। এছাড়া আগে থেকেই চালু থাকা গ্লিটজ, আর্টস, টেক, ক্রিকেট ও কিডস সাইটের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। প্রদর্শন করা হবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বদলে যাওয়া নতুন হোমপেজ।

দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শুভেচ্ছা জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "প্রতিষ্ঠার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার ক্ষেত্রে খুব অল্প সময়েই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে; যা কি না সুশাসন প্রতিষ্ঠার একটি পূর্বশর্ত।"

বর্তমান সরকারও এ বিষয়ে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে বলে বার্তায় জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নির্ভরযোগ্য তথ্য দিয়ে এই ডিজিটাল যুগের পাঠকদের 'আলোকিত' ও 'বিনোদিত' করে যাবে- এই আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।

প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা এক শুভেচ্ছা বার্তায় বলেন, "দ্রুততম সময়ে দেশ-বিদেশে খবর পৌঁছে দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ইতোমধ্যে পাঠকের হৃদয় জয় করে নিয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠায় এ প্রতিষ্ঠান আপোষহীন ভূমিকা রাখবে বলে আমি আশা করি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সর্বাঙ্গীন উন্নতি ও সমৃদ্ধি প্রত্যাশা করে তিনি বলেন, দেশ ও জাতি গঠনে গঠনমূলক সংবাদ প্রচারের মাধ্যমে প্রতিষ্ঠানটি আগামীতেও বলিষ্ঠ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আসা অতিথিদের মধ্যে রয়েছেন সরকারের উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম, রাজনীতিবিদ জিএম কাদের, আ স ম হান্নান শাহ, হাসানুল হক ইনু, মনজুরুল আহসান, দিপু মণি, ব্যারিস্টার রফিকুল হক, সমবায় সচিব আ ত ম ফজলুল করিম, স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম, এফবিসিসিআই সভাপতি আনিসুল হক, বিজিএমইএ সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী, বিকেএমইএ সভাপতি ফজলুল হক, ব্যবসায়ী মীর নাসির উদ্দিন, যুক্তরাষ্ট্রের শার্জ দ্য অ্যাফেয়ার্স গীতা পাসি, দূতাবাসের কর্মকর্তা হার্ভে সারনোভিট্জ, সাংবাদিক শফিক রেহমান, কবি আল মাহমুদ, লেখক হাসান আজিজুল হক, মুস্তফা মনোয়ার, গায়ক, সৈয়দ আবদুল হাদী, নাসিম আলী, অভিনয় শিল্পী দিলারা জামান, আলী যাকের, ক্রীড়া ব্যক্তিত্ব গাজী আশরাফ হোসেন লিপু, হাবিবুল বাশার সুমন, তথ্য প্রযুক্তিবিদ মোস্তফা জব্বারসহ আরো অনেকে।

২০০৫ সালের শুরুর দিকে অনলাইন বার্তা সংস্থা 'বিডিনিউজ' যাত্রা শুরু করে। ২০০৬ সালের মাঝামাঝি সময়ে বদলে যায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা। ২০০৬ সালের ২৩ অক্টোবর থেকে বার্তাসংস্থার পাশাপাশি একটি পূর্ণাঙ্গ অনলাইন সংবাদপত্র হিসেবে কাজ শুরু করে 'বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম'।

বর্তমানে ওয়েবসাইটে সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা সংবাদ প্রকাশের পাশাপাশি মোবাইল ফোনে সংবাদ সেবা দিচ্ছে এ সংস্থা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দাবি করে, মোবাইল ইন্টারনেটের জন্য বাংলাভাষায় সংবাদভিত্তিক প্রথম ওয়াপ সাইটও তারাই চালু করেছে।

২০০৮ এর সেপ্টেম্বরের পরিসংখ্যান অনুযায়ী, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এখন দেশের সবচেয়ে বেশি পঠিত সংবাদভিত্তিক ওয়েবসাইট। প্রতিদিন কমপক্ষে এক লাখ পৃথক কম্পিউটার থেকে পাঠক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে চোখ রাখেন। মাসে অন্তত ৯ কোটি বার এ ওয়েবসাইটে আসেন পাঠকরা। আর এর পাঠকরা প্রতি মাসে পড়েন ১ কোটি ২০ লাখ পাতা।