২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান আজ

দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর হোটেল র‌্যাডিসনে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় এক অনুষ্ঠানের আয়োজন করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2008, 08:07 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

দেশের প্রথম অনলাইন সংবাদপত্রটি গত ২৩ অক্টোবর তৃতীয় বছরে পা রাখলেও তা উদযাপন করা হচ্ছে বৃহস্পতিবার।

প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, এ অনুষ্ঠানে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বেশ ক'টি নতুন সাইটের উদ্বোধন করা হবে। এর মধ্যে থাকছে স্পোর্ট, ব্লগ। এছাড়া আগে থেকেই চালু থাকা গ্লিটজ, আর্টস, টেক, ক্রিকেট ও কিডস সাইটের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। প্রদর্শন করা হবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বদলে যাওয়া নতুন হোমপেজ।

দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শুভেচ্ছা জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "প্রতিষ্ঠার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার ক্ষেত্রে খুব অল্প সময়েই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে; যা কি না সুশাসন প্রতিষ্ঠার একটি পূর্বশর্ত।"

বর্তমান সরকারও এ বিষয়ে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে বলে বার্তায় জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নির্ভরযোগ্য তথ্য দিয়ে এই ডিজিটাল যুগের পাঠকদের 'আলোকিত' ও 'বিনোদিত' করে যাবে- এই আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী বলেন, "বাংলাদেশের সংবাদ জগতে গত দুই বছরে একসঙ্গে এত ঘটনা ঘটে গেছে যা সাধারণভাবে হয়তো এক প্রজন্মেও দেখা যায় না। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো এর আগে কখনোই এত খবর একসঙ্গে পায়নি। আর এসব খবর সংগ্রহ ও পরিবেশনের কাজটিও এত কঠিনও আর কখনো ছিল না।"

বিশ্বজুড়ে ইন্টারনেটভিত্তিক সংবাদ ব্যবস্থাপনার দ্রুত বিকাশের কথা উল্লেখ করে তিনি বলেন, "সনাতন সংবাদমাধ্যমগুলো খুব দ্রুত এই নতুন ব্যবস্থার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। আগামী ১০ বছর পর বিশ্বের গণমাধ্যমগুলো কেমন চেহারা পাবে তা এই মুহূর্তে অনুমান করাও কঠিন। তবে তা যাই হোক না কেন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সেই অগ্রযাত্রায় এগিয়ে যাবে।"

দ্বিতীয় বর্ষপূতি অনুষ্ঠানে সরকারী নেতৃবৃন্দ, রাজনীতিক, সামরিক-বেসামরিক কর্মকর্তা, উন্নয়ন সহযোগী, কূটনীতিক, ব্যবসায়ী ও বুদ্ধিজীবীসহ সব ক্ষেত্রের শীর্ষ ব্যক্তিদের উপস্থিতি আশা করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

২০০৫ সালের শুরুর দিকে অনলাইন বার্তা সংস্থা 'বিডিনিউজ' যাত্রা শুরু করে। ২০০৬ সালের মাঝামাঝি সময়ে বদলে যায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা। ২০০৬ সালের ২৩ অক্টোবর থেকে বার্তাসংস্থার পাশাপাশি একটি পূর্ণাঙ্গ অনলাইন সংবাদপত্র হিসেবে কাজ শুরু করে 'বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম'।

বর্তমানে ওয়েবসাইটে সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা সংবাদ প্রকাশের পাশাপাশি মোবাইল ফোনে সংবাদ সেবা দিচ্ছে এ সংস্থা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দাবি করে, মোবাইল ইন্টারনেটের জন্য বাংলাভাষায় সংবাদভিত্তিক প্রথম ওয়াপ সাইটও তারাই চালু করেছে।

২০০৮ এর সেপ্টেম্বরের পরিসংখ্যান অনুযায়ী, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এখন দেশের সবচেয়ে বেশি পঠিত সংবাদভিত্তিক ওয়েবসাইট। প্রতিদিন কমপক্ষে এক লাখ পৃথক কম্পিউটার থেকে পাঠক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে চোখ রাখেন। মাসে অন্তত ৯ কোটি বার এ ওয়েবসাইটে আসেন পাঠকরা। আর এর পাঠকরা প্রতি মাসে পড়েন ১ কোটি ২০ লাখ পাতা।