ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড় পুকুরিয়া খনি দুর্নীতি মামলার আসামিদের আগামী ২৩ নভেম্বর আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে আদালত। ওইদিন মামলাটির শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।
বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক এ কে রায় এ আদেশ দেন।
তবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে এ মামলায় কার্যক্রম স্থগিত থাকায় তাদের ২৩ নভেম্বর হাজিরা দিতে হবে না।
এ মামলার চার আটক আসামি মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, এম সাইফুর রহমান ও এ কে এম মোশাররফ হোসেনের উপস্থিতিতে বুধবার বেলা ১২টার দিকে আদালতে শুনানি শুরু হয়।
নিজামী ও মুজাহিদের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক আদালতকে বলেন, "আগামী ২০ নভেম্বর জাতীয় নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করতে হবে। জামায়াত ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের স্বাক্ষর ছাড়া আবেদনপত্র জমা দেওয়া সম্ভব না। এ অবস্থায় ২০ তারিখের পর এ মামলার শুনানির দিন ধার্য করা হোক।"
সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের পক্ষে অ্যাডভোকেট মো. শাহ আলম বলেন, তার মক্কেল অসুস্থ। সাইফুরকে এ মামলার হাজিরা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান তিনি।
বিচারক এ আবেদন খারিজ করে দিয়ে বলেন, তিনি অসুস্থ থাকলে মেডিকেল ও কারা কর্তৃপক্ষ এমনিতেই তাকে আদালতে আনবে না।
গত ১০ নভেম্বর এ মামলায় সাইফুর, নিজামী ও মুজাহিদের জামিনের আবেদন খারিজ করে দিয়ে তাদের কারাগারে পাঠায় আদালত।
এর একদিন আগে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে আদালত তাকেও কারাগারে পাঠায়।
দুর্নীতি দমন কমিশন গত ২৬ ফেব্র"য়ারি খালেদা জিয়া ও সাবেক ১০ মন্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় এ মামলা দায়ের করে। গত ৫ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
এতে বলা হয়, চীনা প্রতিষ্ঠান 'কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন' (সিএমসি) এর সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করায় সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/জেকে/১৮২০ ঘ.
bdnews24