ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় সাইফুর রহমান, মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে বুধবার দুই মাসের র্অর্ন্তবতীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।
ওই সময় পর্যন্ত তাদের বিরুদ্ধে এ মামলার কার্যক্রম স্থগিত রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
সাবেক তিন মন্ত্রীর জনের আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোজাম্মেল হোসেন ও বিচারপতি আফজাল হোসেন আহমেদের বেঞ্চ এ আদেশ দেয়।
পাশাপাশি মামলাটি কেন বাতিল করা হবে না- আগামী চার সপ্তাহের মধ্যে তার জবাব দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বিএনপি নেতা সাইফুর, জামায়াতে ইসলামীর আমির নিজামী ও সেক্রেটারি জেনারেল মুজাহিদকে গত সোমবার এ মামলায় কারাগারে পাঠায় বিচারিক আদালত। অসুস্থ সাইফুর বর্তমানে কারা হেফাজতে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
হাইকোর্টের আদেশের পর বিএনপি নেতার কৌঁসুলি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্ট স্বাস্থ্যগত কারণ বিবেচনায় সাইফুর রহমানকে জামিন দিয়েছেন। তার কারামুক্তিতে এখন কোনও বাধা নেই।"
ব্যারিস্টার রফিকুল আদালতে বলেন, "তার (সাইফুর) বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনও অভিযোগ নেই। তাই তার বিরুদ্ধে মামলার কার্যক্রম চলতে পারে না। তিনি খুবই অসুস্থ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন।"
এ বক্তব্যের বিরোধিতা করে দুর্নীতি দমন কমিশনের পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান বলেন, "এ মামলা সঠিকভাবেই দায়ের করা হয়েছে। সাইফুর রহমানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগও রয়েছে। তাই মামলা বাতিলের আবেদন বিবেচনার সুযোগ নেই।"
নিজামী ও মুজাহিদের পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।
আদেশের পর তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আইন লঙ্ঘন করে উদ্দেশ্য প্রণোদিতভাবে এ মামলা দায়ের করা হয়।"
আদালতের আদেশের পর দুই জামায়াত নেতার মুক্তিতে আর কোনও বাধা নেই বলে দাবি করেন তিনি।
দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার ১০ সদস্যসহ মোট ১৬ জন আসামি। এটি দায়ের করা হয় গত ২৬ ফেব্র"য়ারি। গত ৫ অক্টোবর মামলার অভিযোগপত্র দাখিল হয়।
তাতে বলা হয়, চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করায় সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/এমআই/১৬৪৬ ঘ.
bdnews24