ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের একজন যুগ্ম-সচিব ও একজন উপ-সচিবকে আইন মন্ত্রণালয়ের 'ড্রাফটিং' শাখায় পদায়ন করা হয়েছে। এছাড়া একজন উপ-সচিবকে বদলি করে বাংলা একাডেমীর সচিব করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় মঙ্গলবার এসব বদলির আদেশ দেয়।
আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের চলতি দায়িত্বে নিয়োজিত যুগ্ম-সচিব শহিদুল হক এবং যুগ্ম-সচিবের চলতি দায়িত্বে নিয়োজিত উপ-সচিব সালমা বিনতে কাদিরকে পদোন্নতি দিয়ে আইন মন্ত্রণালয়ের 'লেজিসলেটিভ ড্রাফটিং' শাখার অতিরিক্ত সচিব ও যুগ্ম-সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব আলতাফ হোসেনকে বাংলা একাডেমীর সচিব হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। গত ২৬ অক্টোবর এই পদে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আবদুল মান্নানকে প্রেষণে নিয়োগের আদেশ জারি করা হলেও তা বাতিল করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এসকে/২১৪৯ঘ.
bdnews24