ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--অনশন ও বিতর্কের মধ্যেই ২৭ তম বিসিএসে উত্তীর্ণ প্রায় তিন সহস্রাধিক প্রার্থীর নামে নিয়োগপত্র জারি করেছে সরকার।
মঙ্গলবার বিকেল থেকেই এসব নিয়োগপত্র ওইসব প্রার্থীর ঠিকানায় পাঠানোর কাজ শুরু হবে।
সংস্থাপন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখার উপ-সচিব শেখ মোহাম্মাত শামীম ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন।
তিনি বলেন, "যাদের নামে নিয়োগপত্র পাঠানো হচ্ছে তাদেরকে আগামী ৩০ নভেম্বরের মধ্যেই সংস্থাপন মন্ত্রণালয় অথবা নিজ নিজ ক্যাডারের সংশ্লিষ্ট দপ্তরে যোগ দিতে হবে।"
এ সংক্রান্ত একটি গেজেট মুদ্রণের জন্য বিজি প্রেসে রয়েছে। মুদ্রণ শেষে তা মঙ্গলবারই সবার জন্য প্রকাশ করা হবে।
এছাড়া মন্ত্রণালয়ের ওয়েবসাইট- "যঃঃঢ়:/িি/.িসড়বংঃধন.মড়া.নফ" এ-ও গেজেটটি পাওয়া যাবে।
২৭তম বিসিএসের বাতিল হওয়া ফলাফলে নির্বাচিতদের আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রয়েছে। পাশাপাশি এ জন্য আদালতে যাবেন বলেও আন্দোলনকারীরা জানিয়েছেন।
শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচি শুরু হয়। বাতিল ফলাফলে নির্বাচিতদের সঙ্গে তাদের পরিবারের অনেক সদস্যও অনশনে অংশ নিচ্ছেন।
রোববার দুপুরে প্রায় ৪০ জনকে অনশনে অংশ নিতে দেখা যায়। প্রথমবারের ফলাফলে নির্বাচিত অনেকেও কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
অনশনকারীরা ২৭তম বিসিএসের প্রথমবারের (বাতিল) ফলাফল পুনর্বহালের পাশাপাশি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. সা'দত হুসাইনের পদত্যাগও দাবি করছেন।
দলীয়করণের অভিযোগে ২৭তম বিসিএস পরীক্ষার প্রথমবারের ফলাফল গত বছর বাতিল করা হয়। পরে নতুন করে মৌখিক পরীক্ষা নিয়ে নতুন ফলাফল ঘোষণা করে পিএসসি।
গত ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ফল প্রকাশ করা হয়। এতে ৩ হাজার ২৩৯ জনকে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি। আগের ফলাফলে নির্বাচিত প্রার্থীরা এর প্রতিবাদ করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/জিএনএ/১৪৪০ ঘ.
bdnews24