২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের ফল ঘোষণার আগে গণমাধ্যমে প্রচার না করার আহ্বান

নির্বাচন কমিশন (ইসি) ঘোষণা দেওয়ার আগে নির্বাচনের বেসরকারি ফল গণমাধ্যমে প্রচার না করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। মঙ্গলবার রাজধানীর বিয়াম মিলনায়তনে 'গণমাধ্যমের জন্য আচরণবিধি' শীর্ষক এক খসড়া নীতিমালা হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2008, 07:27 AM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশন (ইসি) ঘোষণা দেওয়ার আগে নির্বাচনের বেসরকারি ফল গণমাধ্যমে প্রচার না করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। মঙ্গলবার রাজধানীর বিয়াম মিলনায়তনে 'গণমাধ্যমের জন্য আচরণবিধি' শীর্ষক এক খসড়া নীতিমালা হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। জাতিসংঘ সংস্থা ইউনেস্কো এ খসড়া নীতিমালা তৈরি করে ইসির কাছে হস্তান্তর করে। অনুষ্ঠানে বেসরকারি টিভি চ্যানেলগুলোর উদ্দেশে সিইসি বলেন, "মাঠ পর্যায়ে রিটার্নিং কর্মকর্তা নির্বাচনের ফলাফল ঘোষণা করার আগে গণমাধ্যমে আগাম ফলাফল প্রচার হলে অনেক সময়ই বিভ্রান্তি দেখা দিতে পারে। তাই আমার আহ্বান থাকবে, বেসরকারি ফলাফল ঘোষণা করার আগে যেন তা প্রচার করা না হয়।" আগামী এক সপ্তাহের মধ্যে খসড়া নীতিমালা পর্যালোচনা করে নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা কেমন হবে- তা চূড়ান্ত করা হবে বলে জানান শামসুল হুদা। একইসঙ্গে তিনি বলেন, "তবে তার আগে এ ধারণাপত্রটির (ইউনেস্কোর খসড়া) ওপর বিভিন্ন মতামত নেওয়া হবে।" প্রস্তাবিত নীতিমালা প্রসঙ্গে সিইসি বলেন, "গণমাধ্যম এ আচরণবিধি লঙ্ঘন করলে কোনও শাস্তির বিধান রাখা হচ্ছে না। বিষয়টি নৈতিকতার ওপরই নির্ভর করছে। এক্ষেত্রে প্রেস কাউন্সিল কিংবা অন্য কোনও সংস্থার সহায়তা নেওয়া যায় কিনা- ইসি তা পর্যালোচনা করে দেখবে।" এ মাসের শুরুতে আওয়ামী লীগ ইসির কাছে গণমাধ্যমের জন্য একটি নীতিমালা প্রনয়ণ ও নির্বাচনে নিরপেক্ষ পর্যবেক্ষক সংস্থা নিয়োগের দাবি জানায়। পর্যবেক্ষক নিয়োগের বিষয়ে সিইসি বলেন, "এবারের নির্বাচনে দেশি-বিদেশি পর্যবেক্ষক ও পর্যবেক্ষণ সংস্থা নিয়োগে ইসি খুব গুরুত্ব দিচ্ছে। এ বিষয়টি নিশ্চিত করার জন্য কমিশন কিছু শর্ত মেনে পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের কার্যক্রম শুরু করেছে।" এক্ষেত্রে যাচাই-বাচাই করে নিরপেক্ষ সংস্থাগুলোকেই নির্বাচন পর্যবেক্ষণের জন্য নিবন্ধন দেওয়া হবে বলে তিনি জানান। অনুষ্ঠানে দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন এবং বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর আবাসিক প্রতিনিধি মালামা ম্যালেসিয়াও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/এমআই/১৩২৮ ঘ.