ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রাণের টিন আত্মসাতের দায়ে ঢাকা সিটি কর্পোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন ভুঁইয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
সংসদ ভবনের বিশেষ বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আশরাফ হোসেন সোমবার এ দণ্ডাদেশ দেন।
আদালত কারাদণ্ডের পাশাপাশি রুহুল আমিনকে ৬ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে। অর্থ দিতে ব্যর্থ হলে তাকে আরও এক বছর সাজা ভোগ করতে হবে।
মামলার অপর দুই আসামি সুজাত আলী ও মঞ্জুর আলমকে খালাস দিয়েছে আদালত।
গত বছরের ২ মার্চ র্যাব কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আব্দুস সামাদ বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে গরিব ও দুস্থদের জন্য বরাদ্দ করা ৬ লাখ ৩৯ হাজার ৬১২ টাকা মূল্যের ত্রাণের টিন আত্মসাৎ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/এমআই/১৬১২ ঘ.
bdnews24