২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার সঙ্গে পিনাক রঞ্জনের সাক্ষাৎ

শেখ হাসিনার সঙ্গে সোমবার দেখা করেছেন ভারতের হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী। সকাল ১১টার দিকে আওয়ামী লীগ সভানেত্রীর বাসভবন সুধাসদনে যান ভারতীয় দূত। তিনি দুপুর পৌনে ১২টা পর্যন্ত হাসিনার সঙ্গে বৈঠক করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2008, 09:34 AM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার সঙ্গে সোমবার দেখা করেছেন ভারতের হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী। সকাল ১১টার দিকে আওয়ামী লীগ সভানেত্রীর বাসভবন সুধাসদনে যান ভারতীয় দূত। তিনি দুপুর পৌনে ১২টা পর্যন্ত হাসিনার সঙ্গে বৈঠক করেন। দেশে ফেরার পর গত তিন দিনে বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। হাসিনার সঙ্গে বৈঠক শেষে ভারতের হাইকমিশনার সাংবাদিকদের জানান, আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে রাজনৈতিক কোনও বিষয়ে তার আলোচনা হয়নি। তিনি শেখ হাসিনার শারীরিক অবস্থা এবং চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন। আসন্ন সংসদ নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে পিনাক রঞ্জন বলেন, "১৮ তারিখে (ডিসেম্বর) নির্বাচন হবে বলে তো শুনছি। নির্বাচন তো হওয়া উচিত।" বাংলাদেশে নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করেন কিনা- জানতে চাওয়া হলে তিনি বলেন, "এটা সরকার, রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনকে মিলে ঠিক করতে হবে।" বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, শেখ হাসিনার বিশেষ সহকারী ড. হাসান মাহমুদ এবং তথ্য সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। সৈয়দ আশরাফ সাংবাদিকদের বলেন, "এটি ছিলো সৌজন্য সাক্ষাত।" নির্বাচনের বিষয়ে কোনও আলোচনা হয়েছে কিনা- জানতে চাওয়া হলে আওয়ামী লীগের মুখপাত্র আশরাফ বলেন, "উনি (শেখ হাসিনা) বলেছেন, ১৮ ডিসেম্বর নির্বাচন হতেই হবে। নির্বাচিত সরকার না এলে রাজনৈতিক ও সামাজিক সঙ্কটের অবসান হবে না। বিদেশি বিনিয়োগ আসবে না; কর্মসংস্থানও সৃষ্টি হবে না, দ্রব্যমূল্যও নিয়ন্ত্রণে আসবে না।" যুক্তরাষ্ট্রে পাঁচ মাস অবস্থান শেষে শেখ হাসিনা গত ৬ নভেম্বর দেশে ফেরেন। পরদিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি তার সঙ্গে দেখা করেন। এর একদিন পর দেখা করেন সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ আল বিন নাসের আল বুশাইরি। আটটি মুসলিম দেশের কূটনীতিকরা রোববার হাসিনার সঙ্গে দেখা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/জিএনএ/১৫৩৪ ঘ.