রাজশাহী, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীর বাগমারা উপজেলার নখোপাড়া গ্রামে শনিবার গভীর রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।
পুলিশের ভাষ্যমতে নিহত আব্দুল হান্নান (৩০) পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) সক্রিয় সদস্য এবং উপজেলার বাজে কোলা গ্রামের আব্দুর রহমানের ছেলে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন খলিফা জানান, দীর্ঘদিন আত্মগোপনে থাকা আবদুল হান্নানকে গত ৬ নভেম্বর বাজে কোলা গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্য অনুসারে হান্নানের সহযোগী ও অস্ত্র উদ্ধারের জন্য শনিবার রাত দু'টার দিকে পুলিশ তাকে নিয়ে উপজেলার নখোপাড়া গ্রামের কালামের আম বাগানে যায়। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা 'সন্ত্রাসীরা' পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি করে।
গোলাগুলির এক পর্যায়ে গুলিবিদ্ধ হন হান্নান। পরে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা জানান তিনি মারা গেছেন।
ওসি সাহাবুদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি সার্টারগান, পাঁচ রাউন্ড গুলি ও তিনটি হাঁসুয়া উদ্ধার করেছে।
হান্নানের বিরুদ্ধে বাগমারা থানায় একটি হত্যাসহ দু'টি মামলা রয়েছে। তিনি থানার তালিকাভুক্ত সন্ত্রাসী বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৮ ঘ.
bdnews24