২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কপোতাক্ষ বাঁচানোর দাবিতে সাতক্ষীরায় ১৪ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন

পলি অপসারণ করে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে এনে কপোতাক্ষ নদ বাঁচানোর দাবিতে রোববার সকালে সাতক্ষীরার কলারোয়া থেকে যশোর সীমানার ইলিশপুর পর্যন্ত ১৪ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন হয়েছে। কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির ব্যানারে এ মানববন্ধ কর্মসূচিতে যোগ দিয়েছেন কলারোয়া থেকে ইলিশপুর পর্যন্ত রাস্তার দুপাশের স্কুলগুলোর ছাত্র-শিক্ষক, আশপাশের গ্রামের কৃষক ও নারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2008, 12:28 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

সাতক্ষীরা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পলি অপসারণ করে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে এনে কপোতাক্ষ নদ বাঁচানোর দাবিতে রোববার সকালে সাতক্ষীরার কলারোয়া থেকে যশোর সীমানার ইলিশপুর পর্যন্ত ১৪ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন হয়েছে। কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির ব্যানারে এ মানববন্ধ কর্মসূচিতে যোগ দিয়েছেন কলারোয়া থেকে ইলিশপুর পর্যন্ত রাস্তার দুপাশের স্কুলগুলোর ছাত্র-শিক্ষক, আশপাশের গ্রামের কৃষক ও নারীরা। হাজার হাজার মানুষের এ বিশাল মানববন্ধনে ছিলেন জনপ্রতিনিধি, বুদ্ধিজীবী ও সাংবাদিকরা। মানববন্ধনে কর্মসূচিতে এসে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খলিল আহম্মেদ বলেছেন, কপোতাক্ষের মৃত্যু ওই অঞ্চলে সুদূরপ্রসারী বিরূপ প্রভাব ফেলবে। জরুরি ভিত্তিতে নদী খননের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পালিত মানববন্ধনে অবসরপ্রাপ্ত শিক্ষক ফেডারেশনের সভাপতি শেখ আমানউল্লাহ বলেন, "কপোতাক্ষের সঙ্গে তিন জেলার মানুষের অস্তিত্বের সম্পর্ক। কপোতাক্ষ বাঁচলে আমরা বাঁচবো।" তিনি বলেন, "যে কোন মূল্যে পলি জমা কপোতাক্ষ খনন করে এর পানি প্রবাহ স্বাভাবিক করতে হবে। জনগণ স্বনির্ভরতার ভিত্তিতেও কপোতাক্ষ খননে আগ্রহী। কপোতাক্ষের এ করুণ দশা ঘোচাতে সমন্বিত প্রয়াসের মাধ্যমে সকলকে এগিয়ে আসতে হবে।" কলারোয়ার দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বলেন, প্রতি বছর তার ইউনিয়নের মানুষ ছয় মাস পানিতে থাকতে বাধ্য হয়। এবার এসব মানুষজনের অবস্থা খুবই শোচনীয় বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৭ ঘ.