২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যারাই ক্ষমতায় যাবে, বর্তমান সরকারকে বৈধতা দিতে হবে: আশরাফ

আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রমের বৈধতা দেবে জানিয়ে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আগামীতে যারাই ক্ষমতায় যাবে, বর্তমান সরকারকে বৈধতা দিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2008, 07:14 AM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রমের বৈধতা দেবে জানিয়ে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আগামীতে যারাই ক্ষমতায় যাবে, বর্তমান সরকারকে বৈধতা দিতে হবে। রোববার যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া বিষয়ক অতিরিক্ত পরিচালক ফিলিপ বার্টন এবং ঢাকায় দেশটির রাষ্ট্রদূত স্টিফেন ইভান্সের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। সংসদ ভবন এলাকার ন্যাম ফ্ল্যাটে সৈয়দ আশরাফের বাসায় ঘণ্টাব্যাপী ওই বৈঠক হয়। বৈঠক শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন, "আগামীতে যারাই ক্ষমতায় আসুক না কেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে বৈধতা দিতে হবে। নইলে সংসদেরই অস্তিত্বই থাকবে না।" রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে গত বছরের শুরুতে জরুরি অবস্থা জারির পর বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণ করে। এই সরকারের অধীনে আগামী ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় বর্তমান সরকারের কার্যক্রমের বৈধতা দেওয়া হবে বলে সৈয়দ আশরাফ জানান। তিনি বলেন, "তাদের (কূটনীতিকদের) জানানো হয়েছে, আমরা ক্ষমতায় গেলে বর্তমান সরকারের করা আইন ও সব কর্মকাণ্ডের বৈধতা দেওয়া হবে।" যুক্তরাজ্যের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে- সাংবাদিকরা জানতে চাইলে সৈয়দ আশরাফ বলেন, "আলোচনার মূল বিষয় ছিল নির্বাচন এবং নির্বাচন পরবর্তী কর্মকাণ্ড। তারা জানতে চেয়েছেন, আমরা নির্বাচনে অংশ নেব কিনা। আমি বলেছি, অবশ্যই অংশ নেব এবং বর্তমান পরিস্থিতির উত্তরণের একমাত্র উপায় হল নির্বাচন।" "নির্বাচনে কোনও ধরনের সহিংসতার আশঙ্কা রয়েছে কিনা- তাও জানতে চেয়েছেন তারা। আমি তাদের আশ্বস্ত করেছি, আমাদের পক্ষ থেকে কোনও রকম সহিংস ঘটনা ঘটবে না।" সৈয়দ আশরাফ বলেন, "আমরা চাই, নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহার হোক। এটা আমরা ব্রিটিশ কূটনীতিকদের জানিয়েছি। তাদের আরও বলেছি, আওয়ামী লীগ চায় সব রাজনৈতিক দল যাতে নির্বাচনে অংশ নেয়।" যুক্তরাজ্যের কর্মকর্তা ফিলিপ বার্টন সাংবাদিকদের বলেন, "আমরা চাই, ১৮ ডিসেম্বর সব রাজনৈতিক দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য একটি নির্বাচন হোক।" তিনি বলেন, "সৈয়দ আশরাফ নির্বাচনের পক্ষে দলের অবস্থান ব্যাখ্যা করেছেন। ক্ষমতায় গেলে আওয়ামী লীগ কী কী করবে- সে বিষয়গুলোও তুলে ধরেছেন তিনি।" ফিলিপ বার্টন আশা প্রকাশ করেন, জরুরি অবস্থা প্রত্যাহার হবে এবং সব রাজনৈতিক দল আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/এমআই/জিএনএ/১৩১৪ ঘ.