২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনিক দুর্নীতি রোধে চলতি মাসেই সুপারিশ তৈরি করবে দুদক

প্রশাসনিক দুর্নীতি রোধ ও এর কারণগুলো চিহ্নিত করতে চারটি মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে চলতি মাসের মধ্যেই সুপারিশ প্রণয়ন শেষ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। স্থানীয় সরকার বিভাগ ও এর অধীন বিভিন্ন সেবা সংস্থার প্রধানদের সঙ্গে এক বৈঠকের পর বৃহস্পতিবার কমিশন চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2008, 02:15 PM

Updated : 26 Aug 2022, 02:37 PM

ঢাকা, নভেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনিক দুর্নীতি রোধ ও এর কারণগুলো চিহ্নিত করতে চারটি মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে চলতি মাসের মধ্যেই সুপারিশ প্রণয়ন শেষ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। স্থানীয় সরকার বিভাগ ও এর অধীন বিভিন্ন সেবা সংস্থার প্রধানদের সঙ্গে এক বৈঠকের পর বৃহস্পতিবার কমিশন চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান। সুপারিশ প্রণয়ন শেষে এসব বাস্তবায়নের ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গেও কমিশন বৈঠক করবে। হাসান মশহুদ বলেন, "বিভিন্ন মন্ত্রণালয় বা সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদের অভ্যন্তরীণ দুর্নীতি অনুসন্ধান করতে গেলে জানানো হয় তাদের কাছে কোনো অভিযোগ নেই। মন্ত্রণালয় ও সংস্থাগুলোতে এ ধরণের কোনো ব্যবস্থা না থাকায় একথা বলা হয়। এর অর্থ এই নয় যে, সেখানে দুর্নীতি হচ্ছে না।" তিনি বলেন, "এসব কারণে কমিশনের পক্ষ থেকে স্থানীয় সরকার বিভাগকে অভ্যন্তরীণ দুর্নীতি বা অভিযোগ বিষয়ক একটি সেল গঠনের অনুরোধ করা হয়েছে। দুর্নীতি বা অভিযোগ সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য প্রতিটি মন্ত্রণালয় বা সংস্থায় ছোট আকারে হলেও একটি করে সেল গঠন করার ব্যাপারে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হবে। তবে এ মাসের মধ্যে বৈঠক শেষ করে চূড়ান্ত সুপারিশ প্রণয়নের পর এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।" বৈঠকে তাৎক্ষণিকভাবে বন্ধ করা যায়, এমন দুর্নীতি দ্রুত বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। একইসঙ্গে দীর্ঘমেয়াদে যেন দুর্নীতি একেবারেই বন্ধ করা যায়, এজন্য মন্ত্রণালয় বা সংস্থার শীর্ষ পর্যায় থেকে পর্যবেক্ষণ কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত কর্মকর্তাদের পক্ষ থেকে দুর্নীতির অন্যতম কারণ হিসেবে নিম্নমানের বেতন কাঠামোর কথা উল্লেখ করে বলা হয়, সরকার বেতন কাঠামো পর্যালোচনা করে উপযুক্ত বেতন দিলে প্রশাসনিক দুর্নীতি বন্ধ করা সম্ভব। তবে কর্মকর্তাদের এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে কমিশন চেয়ারম্যান হাসান মশহুদ বলেন, "বেতন বাড়ানো হলেই দুর্নীতি বন্ধ হবে, এটা নিশ্চিত করে বলা যাবে না। আগের দুই সরকার আমলে একাধিকবার বেতন বাড়ানো হয়েছে। কিন্তু এরপরও দুর্নীতি বন্ধ বা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।" স্থানীয় সরকার বিভাগে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিব শেখ খুরশীদ আলম, বিভিন্ন সেবা সংস্থার নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসনিক দুর্নীতির কারণগুলো চিহ্নিত করে সেগুলো রোধে কার্যকর ব্যবস্থা নিতে সুপারিশ প্রণয়নে চারটি প্রশাসনিক মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এর আগে প্রথম দফায় ভূমি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে কমিশন। এ মাসের মধ্যেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা রয়েছে তাদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এসকে/২০০৮ঘ.