ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্ট বিভাগে সাতজন বিচারপতি নিয়োগের জন্য সুপ্রিম জুডিশিয়াল কমিশন ১৪ জনের নামের তালিকা পাঠিয়েছে। তাদের মধ্য থেকে রাষ্ট্রপতি সাতজনকে নিয়োগ দেবেন।
প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের সভাপতিত্বে নয় সদস্যের কমিশন বুধবার বেলা দেড়টা থেকে ৪টা পর্যন্ত প্রধান বিচারপতির খাস কামরায় বৈঠক করে।
কমিশনের পাঠানো তালিকার মধ্যে ১০ জন আইনজীবী ও চারজন নিম্ন আদালতের বিচারপতি। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।
বৈঠকের পর কমিশনের সদস্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার শফিক আহমেদ সাংবাদিকদের বলেন, "কমিশন হাইকোর্ট বিভাগে সাত বিচারপতি নিয়োগের জন্য নাম প্রস্তাব করেছে। আগে রাজনৈতিক বিবেচনায় উচ্চ আদালতে বিচারক নিয়োগ দেওয়া হতো। এখন আর সেভাবে নিয়োগ হবে না। মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।"
আপিল বিভাগে দুইজন বিচারপতি নিয়োগের জন্য কমিশন গত ১৬ অক্টোবর হাইকোর্ট বিভাগের চার জ্যেষ্ঠ বিচারপতির নাম সুপারিশ করে। এই চারজনের মধ্য থেকে রাষ্ট্রপতি দু'জনকে আপিল বিভাগের বিচারক নিয়োগ দেবেন। তবে এখনো ওই নিয়োগ হয়নি।
প্রধান বিচারপতি ছাড়া সুপ্রিম জুডিশিয়াল কমিশনের বৈঠকে উপস্থিত অন্য সদস্যরা হলেন- আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ, আপিল বিভাগের তিন জ্যেষ্ঠ বিচারক বিচারপতি মো. ফজলুল করিম, বিচারপতি তাফাজ্জল ইসলাম, বিচারপতি জয়নুল আবেদীন, হাইকোর্টের দুই জ্যেষ্ঠ বিচারক বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান, বিচারপতি মো. আব্দুল কুদ্দুস, অ্যাটর্নি জেনারেল সালাহউদ্দিন আহম্মেদ ও সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার শফিক আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এসকে/২২১৫ঘ.
bdnews24