ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলার আসামিকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়ার কথা বলে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক শওকত আলম।
পুলিশের শৃঙ্খলা শাখার কর্মকর্তারা শওকত আলমকে বুধবার বিকেলে মীরপুরের একটি বাসা থেকে নগদ ৫০ হাজার টাকাসহ গ্রেপ্তার করেন।
গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মাইনুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মীরপুরের পূর্ব সেনপাড়া থেকে গ্রেপ্তারের পর শওকত আলমকে কাফরুল থানায় হস্তান্তর করা হয়। হত্যা মামলার আসামি হুমায়ুন কবির ও তার স্ত্রীকে অভিযোগপত্র থেকে বাঁচিয়ে দেওয়ার কথা বলে তিনি ৫০ হাজার টাকা ঘুষ নিচ্ছিলেন।
মীরপুরে গৃহবধূ ফাহমিদা আকতার নাজমা হত্যার তদন্ত করছিলেন শওকত আলম। গত ৬ জুলাই রাতে ওই হত্যার পর নিহতের স্বজনরা ফাহমিদার স্বামী ডা. তোজাম্মেল হোসেন ও আত্মীয় হুমায়ুন কবিরকে আসামি করে মামলা করেন।
এর পরিপ্রেক্ষিতে দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে হুমায়ুন কবীরের স্ত্রী শামসুন্নাহার নার্গিসের কাছে নিহত নাজমার মোবাইল ফোন পেয়ে তাকেও গ্রেপ্তার করা হয়।
পুলিশ এর আগে জানিয়েছিল, বিচারকের কাছে জবানবন্দিতে নার্গিস স্বীকার করেন, তার উপস্থিতিতে তোজাম্মেল হোসেন স্ত্রীকে হত্যা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এসএনডি/এসকে/২১০০ঘ.
bdnews24