ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী বারাক ওবামাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ওবামাকে বুধবার রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী পৃথক বার্তায় অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, "যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে আপনার মেয়াদকালে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি।"
প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, বারাক ওবামার নেতৃত্বে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে।
ওবামাকে অভিনন্দন জানিয়ে পাঠানো বার্তায় তিনি বলেন, "আশা করছি, সামনের বছরগুলোতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে।"
পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীও ওবামাকে শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুধু যুক্তরাষ্ট্রই নয়, সারা বিশ্বের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। এর মধ্য দিয়ে অনেক পরিবর্তন আসবে এবং সে পরিবর্তন যেন আমাদের অনুকূলে আসে সে লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
রিপাবলিকান দলের প্রার্থী জন ম্যাককেইনকে হারিয়ে বুধবারই প্রেসিডেন্ট নির্বাচিত হন ডেমোক্র্যাট নেতা ওবামা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এমআই/১৫২৫ ঘ.
bdnews24