আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবার অপ্রদর্শিত আয় বৈধ করায় বেশি আগ্রহ দেখিয়েছেন মধ্যবিত্ত ও সাধারণ করদাতারা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বলছে, উচ্চবিত্তের মধ্যে আয় বৈধ করার প্রবণতা কমায় এ খাত থেকে রাজস্বপ্রাপ্তির পরিমাণও আগেরবারের চেয়ে অনেক কমে গেছে।
এনবিআর এর এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়, চলতি বছরের জুলাই-অক্টোবর সময়ে ১৪ হাজার ২১৬ জন করদাতা ৭৮২ কোটি ১৭ লাখ টাকা অপ্রদর্শিত আয় প্রদর্শন বা বৈধ করেছেন। এ থেকে জরিমানাসহ সরকার কর পেয়েছে ১০৫ কোটি তিন লাখ টাকা। অন্যদিকে, গতবছর জুন-সেপ্টেম্বর সময়ে মোট ৪২ হাজার ৫৯১ জন করদাতা আট হাজার ৮৯৫ কোটি ৩০ লাখ টাকার অপ্রদর্শিত আয় বৈধ করে সরকারকে কর দিয়েছিলেন প্রায় ৮০৩ কোটি ২৪ লাখ টাকা।
এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ মঙ্গলবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ বছর মধ্যবিত্ত ও সাধারণ করদাতারাই বেশি অপ্রদর্শিত আয় বৈধ করেছেন। গত বছর অপেক্ষাকৃত উচ্চবিত্ত শ্রেণীর করদাতারা সুযোগটি গ্রহণ করেছিলেন। এ কারণে এবার করদাতার সংখ্যা অনেক কম হয়েছে; সরকারও কম রাজস্ব পেয়েছে।"
এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর অপ্রদর্শিত আয় প্রদর্শনকারী করদাতার সংখ্যা ছিল গত বছরের ৩ ভাগের ১ ভাগ। আর ঘোষিত আয়ের পরিমাণ ছিল প্রায় ১২ ভাগের ১ ভাগ। চট্টগ্রাম কর অঞ্চলের করদাতারা এবার আয় বৈধের সুযোগটি বেশি গ্রহণ করেছেন।
গত বছর আয়কর বিবরণী (রিটার্ন) জমা দেওয়ার সময়সীমার বেশ আগে থেকেই অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু এবার রিটার্ন জমা দেওয়ার সময়সীমার মধ্যে এ সুযোগ দেওয়া হয়। অপ্রদর্শিত আয় থেকে এবার সরকারের কম রাজস্ব পাওয়ার এটিও একটি কারণ বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
যারা অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ গ্রহণ করেনি তাদের বিষয়ে আবদুল মজিদ বলেন, "খুব শিগগিরই সারাদেশে অভিযানে নামবে এনবিআর।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/টিএইচ/এসএনডি/এসকে/২৩৫১ঘ.
bdnews24